গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে নামাজের সময় মেলার উচ্চ শব্দ কমানোর অনুরোধ করায় মসজিদের ইমামের ওপর রড দিয়ে বর্বর হামলার ঘটনায় প্রধান আসামি

2026-05-31T13:16:39+00:00
2026-05-31T13:16:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ১:১৬ পিএম 
ছবি : সময়ের আলো প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে নামাজের সময় মেলার উচ্চ শব্দ কমানোর অনুরোধ করায় মসজিদের ইমামের ওপর রড দিয়ে বর্বর হামলার ঘটনায় প্রধান আসামি মো. সাইফুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (৩০ মে) দিবাগত গভীর রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের চর মসলন্দ পূর্বপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল যশরা ইউনিয়নের বোয়ারা গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে। 

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সাইফুলের শ্বশুরবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করলেও তাকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ মে (বৃহস্পতিবার) এশার নামাজ চলাকালে বোয়ারা চৌরাস্তা জামে মসজিদের পাশে একটি মেলায় উচ্চস্বরে গান-বাজনা চলছিল। এতে নামাজে প্রচণ্ড বিঘ্ন ঘটায় বখুরা হরদারবাড়ি জামে মসজিদের ইমাম ও পুখুরিয়া মাদরাসার নূরানি বিভাগের শিক্ষক মাওলানা ইউসুফ আলী (৪২) মেলার মাইকের শব্দ কিছুটা কমানোর অনুরোধ করেন। 

এতে ক্ষিপ্ত হয়ে মেলার আয়োজক সাইফুল ইসলাম লোহার রড দিয়ে মাওলানা ইউসুফ আলীর বাম চোখে সজোরে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেরেবাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। 

চিকিৎসকেরা জানিয়েছেন, রডের আঘাতে ইমামের বাম চোখের কর্নিয়া ও রেটিনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার এই চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। যোগাযোগ করা হলে আলেম মুফতি জহিরুল ইসলাম জানান, শনিবার বিকেলে আহত ইমামকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। তিনি দেশবাসীর কাছে ইমামের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এই নৃশংস হামলার ঘটনায় ইমামের ছোট ভাই হাফেজ ইউসুফ আলী বাদী হয়ে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। 

ওসি আতিকুর রহমান বলেন, ‘প্রধান আসামিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ন্যক্কারজনক ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

এ ঘটনায় গফরগাঁওজুড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আহত ইমামের ক্ষতিপূরণের দাবিতে শনিবার বাদ আসর 'গফরগাঁও উলামা সমিতি'র ব্যানারে স্থানীয় রেলস্টেশন চত্বরে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

সময়ের আলো/জেডি 


  বিষয়:   গফরগাঁও  ইমাম  হামলা  প্রধান আসামি  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: