নেত্রকোনায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৩১ মে) সকালে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাইপাস মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি গ্রামের আয়নুল হকের স্ত্রী নুরজাহান (৪৫) ও তার মেয়ে সুমাইয়া (৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে ময়মনসিংহ থেকে যাত্রীবাহী একটি বাস নেত্রকোনার দিকে যাচ্ছিল। চল্লিশা বাইপাস মোড় এলাকায় পৌঁছালে বাইপাস দিয়ে আসা যাত্রীবাহী একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। স্থানীয়রা দ্রুত আহতদের নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।