সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের লোকালয়ে গত দুই দিন ধরে ঘুরে বেড়াচ্ছে একটি মুখপোড়া হনুমান। বন্য এই প্রাণীটি কখনো বড় গাছের ডালে, আবার কখনো বাসাবাড়ির চালের ওপর অবস্থান নিচ্ছে। এদিকে লোকালয়ে হনুমান আসার খবর ছড়িয়ে পড়লে সেটিকে একনজর দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ।
রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তাড়াশ পৌর এলাকার জাহাঙ্গীরগাতী গ্রামে হনুমানটিকে দলছুট অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা মীর জাহিদুল ইসলাম বকুল জানান, সকালে হঠাৎ তার বাড়ির একটি কাঁঠাল গাছে বিশালাকৃতির মুখপোড়া হনুমানটি দেখতে পান। মুহূর্তের মধ্যে পাড়া-মহল্লার কৌতূহলী মানুষ সেখানে ভিড় করেন। উৎসুক জনতার কেউ কেউ হনুমানটিকে লক্ষ্য করে কলা, বিস্কুট ও রুটি ছুড়ে দিচ্ছেন, আর হনুমানটিও নির্ভয়ে তা খাচ্ছে। তবে উৎসুক মানুষের অতিরিক্ত ভিড়ের কারণে প্রাণীটি কিছুটা আতঙ্কিত।
এ প্রসঙ্গে রায়গঞ্জ রেঞ্জ বন বিভাগের তাড়াশ উপজেলার দায়িত্বে থাকা কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, ‘ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে পণ্যবাহী ট্রাক বা গাড়ির ছাদে চড়ে হনুমানটি এই এলাকায় চলে এসেছে। আমরা প্রাণীটির গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। এটিকে কোনো আঘাত না করতে স্থানীয়দের অনুরোধ জানানো হয়েছে। দ্রুতই হনুমানটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করা হবে।’
সময়ের আলো/জেডি