ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংস্থাটি জানায়, রাশিয়া-নিয়ন্ত্রিত দক্ষিণ ইউক্রেনের এই কেন্দ্রে শনিবার একটি ড্রোন আঘাত হানে। এতে টারবাইন ভবনের দেয়ালে একটি ছিদ্র সৃষ্টি হয়, তবে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির কোনো ক্ষতি হয়নি।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম দাবি করেছে, এটি ইউক্রেনের পক্ষ থেকে চালানো একটি ইচ্ছাকৃত হামলা। তবে ইউক্রেন এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে এবং এটিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।
রোসাটমের পক্ষ থেকে বলা হয়েছে, ড্রোনটি ফাইবার-অপটিক কেবল দ্বারা নিয়ন্ত্রিত ছিল, তাই এটি দুর্ঘটনাজনিত হামলা নয়। সংস্থাটির প্রধান আলেক্সেই লিকাচেভ সতর্ক করে বলেছেন, এই ধরনের ঘটনা ভবিষ্যতে আরও বড় বিপদের ইঙ্গিত দিতে পারে, যা শুধু রাশিয়া ও ইউক্রেন নয়, অন্যান্য দেশগুলোকেও প্রভাবিত করতে পারে।
অন্যদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা নিজেদের ভূখণ্ডে থাকা একটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালাবে— এটি কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। তাদের মতে, এসব অভিযোগ রাশিয়ার একটি ‘তথ্য প্রচারণা’ বা প্রোপাগান্ডার অংশ।
আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, পারমাণবিক স্থাপনার ওপর যেকোনো ধরনের হামলাই অত্যন্ত বিপজ্জনক এবং তা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। তিনি সতর্ক করে বলেন, পারমাণবিক স্থাপনায় আঘাত করা আগুন নিয়ে খেলার মতো।
উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়ার বাহিনী এই কেন্দ্রটি দখল করার পর থেকে দুই দেশ একে অপরের বিরুদ্ধে পারমাণবিক নিরাপত্তা ঝুঁকির অভিযোগ করে আসছে।
/ইউএমএইচ