সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঝালকাঠিগামী একটি লঞ্চে হারিয়ে যাওয়া সাত বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন আনসার সদস্যরা। তাদের দ্রুত ও মানবিক তৎপরতায় উদ্বিগ্ন পরিবারের মাঝে ফিরে আসে স্বস্তি।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান জানান, শনিবার (৩০ মে) সন্ধ্যায় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঝালকাঠিগামী এমভি ফারহান-৪ লঞ্চে দায়িত্ব পালন করছিলেন অঙ্গীভূত আনসার সদস্য মাসুদ রানা ও ইউসুফ আলী।
দায়িত্ব পালনের সময় তারা লঞ্চের নিচতলায় এক শিশুকে একা ও ভীতসন্ত্রস্ত অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন। কোনো অভিভাবক না থাকায় তারা শিশুটির কাছে এগিয়ে যান এবং পরিচয় জানতে চান।
পরে শিশুটি জানায়, তার নাম রমজান আলী (৭)। বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ভুলবশত সে এমভি ফারহান-৪ লঞ্চে উঠে পড়ে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আনসার সদস্যরা শিশুটিকে নিরাপদ হেফাজতে নেন এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেন। শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাবা রাকিব রাবীর মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ করা হয়।
এদিকে শিশুটির বাবা জানান, তিনি সদরঘাট থেকে মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হওয়ার সময় সন্তানকে হারিয়ে ফেলেন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্তানের সন্ধান পান এবং দ্রুত মুন্সিগঞ্জ নৌঘাট থেকে ট্রলারে করে এমভি ফারহান-৪ লঞ্চে পৌঁছান।
পরবর্তীতে লঞ্চ কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে রাত সাড়ে ৭টার দিকে শিশুটিকে সুস্থ ও নিরাপদ অবস্থায় তার বাবার কাছে হস্তান্তর করা হয়।
ঘটনাটি উপস্থিত যাত্রীদের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে। দায়িত্বশীলতা ও মানবিকতার এ দৃষ্টান্তের জন্য আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান শিশুটির পরিবার।
আরবিএন