কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে সুফিয়া (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) দিবাগত রাতে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত সুফিয়া কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের মৃত ওমর আলীর মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার জ্বর, সর্দি-কাশি ও শরীরে র্যাশ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দিবাগত রাতে তিনি মারা যান।
এ নিয়ে গত চার মাসে কুষ্টিয়ায় হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। এর মধ্যে ১২ শিশু এবং এক বৃদ্ধা রয়েছেন।
কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা নাসরিন বলেন, ‘জেলায় হামের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১ হাজার ৫৯৪ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৫২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।’
তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময় চিকিৎসা শেষে ১৪ জন হাসপাতাল থেকে ফিরে গেছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৮ শিশু চিকিৎসাধীন রয়েছে।’
/কেএইচও