চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে নিখোঁজ হওয়ার একদিন পর এক শিশুর মরেদহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে স্থানীয় একটি কচুখেত থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিয়াজান হাজীর বাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দা ফরহাদের শিশু সন্তান গত শনিবার (৩০ মে) দুপুর আনুমানিক সাড়ে ১২টার পর থেকে হঠাৎ নিখোঁজ ছিল। পরিবার ও স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এরপর আজ দুপুরে বাড়ির অদূরে একটি কচুখেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে সন্দ্বীপ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। এই রহস্যজনক মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ বা হত্যাকাণ্ড রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
সন্দ্বীপ থানা পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সঠিক রহস্য উদঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন (পোস্টমর্টেম রিপোর্ট) হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নিখোঁজ শিশুর এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে বাউরিয়া ইউনিয়নের মিয়াজান হাজীর বাড়ি এলাকায় গভীর শোক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আরবিএন