লেবাননের দক্ষিণাঞ্চল থেকে পরিচালিত হিজবুল্লাহর এক ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহত সেনার নাম মাইকেল টিউকিন (২১)। তিনি গিভাতি ব্রিগেডের রিকনেসান্স ইউনিটে কর্মরত ছিলেন। ২০২০ সালে মায়ের সঙ্গে ইউক্রেন থেকে ইসরায়েলে অভিবাসন করেন তিনি।
রোববার (৩১ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল। আইডিএফের দাবি, শনিবার বিকেল ও সন্ধ্যায় হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক রকেট ও ড্রোন হামলা চালায়। এর জবাবে লেবাননের অভ্যন্তরে সামরিক অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
আইডিএফ জানিয়েছে, গ্যালিলি অঞ্চলের সীমান্তসংলগ্ন একটি সামরিক অবস্থানে হিজবুল্লাহর একটি ড্রোন সরাসরি আঘাত হানে। এদিকে ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, উত্তর ইসরায়েলের বেইত হিলেল এলাকায় ড্রোন হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। হামলার পর ঘটনাস্থলে অগ্নিকাণ্ডেরও সৃষ্টি হয়।
অন্যদিকে, লেবানন থেকে ছোড়া একটি রকেট সাফেদ এলাকার আকাশেই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
সামরিক বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহর সাম্প্রতিক ড্রোন কৌশলে ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতার প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। ছোট আকারের এসব ড্রোন প্রচলিত রাডারে শনাক্ত করা কঠিন। অনেক ক্ষেত্রে ফাইবার-অপটিক প্রযুক্তিনির্ভর নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহারের কারণে ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে সেগুলো প্রতিহত করাও বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠছে।
ক্রমবর্ধমান হামলা-পাল্টা হামলার ঘটনায় ইসরায়েল-লেবানন সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠছে।
/এসএক