এবারের কুরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’। আর এই সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক ঘটেছে মিস ইউনিভার্স বাংলাদেশ খ্যাত তানজিয়া জামান মিথিলার। বড়পর্দায় নিজের প্রথম এন্ট্রি দেখেই দর্শকদের সাড়ায় রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েছেন এই নবাগত অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রকস্টার’ সিনেমার নিজের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন মিথিলা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তানজিয়া জামান মিথিলা বলেন, এখনও বিশ্বাস করতে পারছি না, এটা ছিল আমার প্রথম বাংলা সিনেমার প্রথম এন্ট্রি সিন। পর্দায় প্রথমবার নিজেকে দেখার পর যখন আপনাদের উচ্ছ্বাস, চিৎকার আর ভালোবাসা শুনেছি, তখন সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে।
তিনি আরও বলেন, একজন নতুন অভিনেত্রী হিসেবে এমন মুহূর্ত আমার জন্য ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের ভালোবাসা, সমর্থন আর উৎসাহ আমাকে আরও স্বপ্ন দেখতে সাহস দেয়।
ভক্তদের ধন্যবাদ জানিয়ে মিথিলা শেষে লিখেছেন, প্রতিটি হাততালি, প্রতিটি হাসি আর প্রতিটি সুন্দর কথার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাই এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় স্মৃতিগুলোর একটি করে তুলেছেন।
প্রসঙ্গত, বাংলাদেশের মিস ইউনিভার্স খ্যাত তানজিয়া জামান মিথিলার জন্য ‘রকস্টার’ এর আগে বলিউডের রোহিঙ্গা সংকটভিত্তিক একটি সিনেমায় অভিনয় করেছিলেন।
মিথিলা মূলত আলোচনায় আসেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী হওয়ার মাধ্যমে। পরে আবারও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ খেতাব অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
/এসএকে