খাদ্যতালিকায় পুষ্টিকর এবং একই সঙ্গে সুস্বাদু খাবারের খোঁজ যারা করেন, তাদের কাছে ‘মাখনা’ এখন অত্যন্ত পরিচিত একটি নাম। অনন্য পুষ্টিগুণের কারণে মাখনা এখন বিশ্বজুড়ে ‘সুপারফুড’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর স্ন্যাক্সের বিকল্প খুঁজছেন, তাদের জন্য মাখনা একটি চমৎকার উপাদান।
নিয়মিত খাদ্যতালিকায় মাখনা রাখার প্রধান স্বাস্থ্য উপকারিতাগুলো :
মাখনার সবচেয়ে বড় সুবিধা হলো এটি পুষ্টিতে ভরপুর কিন্তু ক্যালরি ও ফ্যাটের পরিমাণ অত্যন্ত কম। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, শর্করা, ফাইবার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস এবং আয়রন। ফলে অল্প খেলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে, যা অহেতুক খাবার খাওয়ার প্রবণতা কমায়।
হৃৎপিণ্ডের সুরক্ষায় অনন্য মাখনা। এতে সোডিয়ামের পরিমাণ খুবই কম কিন্তু পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের পরিমাণ অনেক বেশি। এই কম্বিনেশনটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এ ছাড়া এর অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে।
ডায়াবেটিস রোগীদের জন্য মাখনা একটি আদর্শ স্ন্যাক্স। এর ‘গ্লাইসেমিক ইনডেক্স’ খুবই কম, যার অর্থ এটি খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা হুট করে বাড়িয়ে দেয় না। মাখনায় থাকা উচ্চ ফাইবার এবং প্রোটিন রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সরাসরি সাহায্য করে।
উজ্জ্বল ত্বকের জন্য মাখনা প্রাকৃতিক ‘অ্যান্টি-এজিং’ বা বয়সরোধী উপাদান হিসেবে কাজ করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড (যেমন- গ্লুটামিন ও আরজিনিন), যা ত্বকে কোলাজেন তৈরিতে সাহায্য করে। ফলে ত্বক সহজে ঝুলে পড়ে না এবং বলিরেখা দূর হয়ে প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় থাকে।
হজমশক্তির উন্নতি ও ওজন কমানোতে মাখনা কার্যকর উপাদান। প্রচুর ফাইবারসমৃদ্ধ হওয়ায় মাখনা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে এবং পরিপাকতন্ত্র সচল রাখে। যারা ওজন কমানোর ডায়েট করছেন, তারা চিপস বা ভাজাপোড়ার বদলে মাখনা বেছে নিতে পারেন। এটি মেদ না বাড়িয়ে শরীরে দীর্ঘস্থায়ী শক্তি জোগায়।
অনিদ্রা দূর করতে এবং মানসিক অবসাদে মাখনা স্নায়ু শান্ত রাখতে সাহায্য করে। এতে থাকা কিছু বিশেষ উপাদান মানসিক চাপ কমায় এবং রাতে ভালো ঘুমে সহায়তা করে। যাদের অনিদ্রা বা ‘ইনসোমনিয়া’র সমস্যা আছে, তারা রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধের সঙ্গে হালকা ভাজা মাখনা খেতে পারেন।
সুস্বাদু, সহজপাচ্য এবং পুষ্টির পাওয়ার হাউস মাখনা অনায়াসেই আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত করা যায়। বাজারের প্যাকেটজাত অস্বাস্থ্যকর চিপস বা স্ন্যাক্স বাদ দিয়ে প্রতিদিন এক মুঠো মাখনা খাওয়ার অভ্যাস দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সুরক্ষায় দারুণ কাজ করে।
/এসএকে