পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল চার বছরের এক শিশু। কিন্তু মুহূর্তের অসতর্কতায় সেই আনন্দ রূপ নিল গভীর শোকে। কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে ৪ বছরের শিশুটি।
রোববার (৩১ মে) বিকেলে উপজেলার কোদালকাটি ইউনিয়নের শিবেরডাঙ্গী নয়াপাড়া এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা আবু সাঈদের মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে শিশুটির মা সাবিনা ইয়াসমিন কয়েক দিন আগে মেয়েকে নিয়ে রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী নয়াপাড়া গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। রোববার (৩১ মে) বিকেলে বাড়ির উঠানে খেলছিল শিশুটি। খেলার ছলে একপর্যায়ে সে সবার অজান্তে নানাবাড়ির পাশের একটি পুকুরপাড়ে চলে যায় এবং অসাবধানতাবশত পানিতে পড়ে তলিয়ে যায়।
কিছুক্ষণ পর তাকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সন্দেহ হলে স্থানীয়রা বাড়ির পাশের ওই পুকুরের পানিতে নেমে তল্লাশি চালান। সেখান থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
নাতনিকে হারিয়ে স্তব্ধ নানা সিকিম সুরমান বিলাপ করতে করতে বলেন, ‘ঈদকে ঘিরে পুরো পরিবারে আনন্দের পরিবেশ ছিল। মেয়েটা নাতনিটাকে নিয়ে আমাদের সাথে আনন্দ করতে এসেছিল। কিন্তু একটা মুহূর্তের মধ্যে যে সবকিছু এভাবে শেষ হয়ে যাবে, তা ভাবতে খুব কষ্ট হচ্ছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও রাজিবপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শিশুটির এমন অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সময়ের আলো/জেডি