বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ২৬ বছর বয়সী পাইলট ডেভ ফিজি। বিয়ের মাত্র কয়েক ঘণ্টা পর নববধূকে নিয়ে মধুচন্দ্রিমার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ডেভ ফিজি ও তার নববধূ জেসনি বিয়ের অনুষ্ঠান শেষে একটি হেলিকপ্টারে করে যাত্রা শুরু করেন। পথে জর্জিয়ার ডসন কাউন্টির একটি দুর্গম বনাঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ডেভ ফিজি এবং হেলিকপ্টারচালক নিহত হন। তবে গুরুতর আঘাত পেলেও প্রাণে বেঁচে যান জেসনি।
ডেভের পরিবারের শিকড় ভারতের কেরালা রাজ্যে। তিনি যুক্তরাষ্ট্রের একটি খ্যাতনামা বিমান সংস্থায় সহকারী পাইলট হিসেবে কর্মরত ছিলেন। তার বাবা জর্জ ফিজি জানান, ডেভ ও জেসনির পরিচয় প্রায় দশ বছর আগে একটি গির্জায় হয়েছিল। শুক্রবার অনুষ্ঠিত তাদের বিয়েতে প্রায় চারশ অতিথি উপস্থিত ছিলেন।
বিয়ের সংবর্ধনা শেষ হওয়ার পর নবদম্পতির জন্য বিশেষ বিদায়ী আয়োজন হিসেবে হেলিকপ্টার যাত্রার ব্যবস্থা করা হয়েছিল। সেদিন রাতে তাদের শহরের একটি হোটেলে থাকার কথা ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
ডেভের বাবা জানান, দুর্ঘটনার পর উদ্ধারকারীরা হেলিকপ্টারটি খুঁজে পেতে বেশ কয়েক ঘণ্টা সময় নেন। এ সময় জেসনি ধ্বংসস্তূপের মধ্যে আটকে ছিলেন। পরে উদ্ধার হওয়ার পর তিনি জানান, জ্ঞান ফেরার পর দেখেন ডেভ তাঁর বুকে মাথা রেখে নিথর হয়ে আছেন। শরীরের তাপমাত্রা হারিয়ে ফেলায় তিনি বুঝতে পারেন, তার স্বামী আর বেঁচে নেই।
পরিবারের দাবি, উড্ডয়নের আগে আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ডেভ। তিনি হেলিকপ্টারচালককে বলেছিলেন যে দৃষ্টিসীমা অত্যন্ত কম এবং এমন পরিস্থিতিতে উড়ান পরিচালনা নিরাপদ নয়। তবে চালক তাদের আশ্বস্ত করেছিলেন যে উচ্চতায় উঠে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে।
দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা তদন্তকারী সংস্থা ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হলে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
নতুন জীবনের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা এক নবদম্পতির জন্য এই ঘটনা হয়ে উঠেছে এক নির্মম ট্র্যাজেডি। বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই স্বামীকে হারিয়ে গভীর শোকের মধ্যে দিন কাটাচ্ছেন নববধূ জেসনি।
/ইউএমএইচ