মালয়েশিয়া ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার ও অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করার নতুন নিয়ম কার্যকর করেছে। সোমবার থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
নতুন নিয়ম অনুযায়ী, বড় ব্যবহারকারীসংখ্যার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে বাধ্যতামূলকভাবে বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে এবং ১৬ বছরের নিচে কোনো ব্যবহারকারীকে অ্যাকাউন্ট খুলতে দেওয়া যাবে না।
এই নিয়ম প্রযোজ্য হবে এমন সব প্ল্যাটফর্মে, যেগুলোর ব্যবহারকারী সংখ্যা ৮ মিলিয়নের বেশি। এর মধ্যে রয়েছে ফেসবুক, ইন্সটাগ্রাম, টিকটক এবং ইউটিউব।
নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে সর্বোচ্চ ১০ মিলিয়ন রিঙ্গিত (প্রায় ২৫ লাখ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানার মুখে পড়তে হবে। তবে কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারী নিয়ম ভেঙে অ্যাকাউন্ট খুলে ফেললে, তার জন্য অভিভাবকদের শাস্তি দেওয়া হবে না।
মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন জানিয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য শিশুদের অনুপযুক্ত কনটেন্ট, সাইবার বুলিং এবং অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ঝুঁকি থেকে রক্ষা করা। কর্তৃপক্ষ বলছে, এটি ইন্টারনেট ব্যবহারে বাধা দেওয়ার উদ্যোগ নয়, বরং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার ব্যবস্থা।
তবে এই উদ্যোগ নিয়ে প্রযুক্তি কোম্পানি ও বিশেষজ্ঞদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, কঠোর বয়স যাচাই ব্যবস্থা গোপনীয়তা ও তথ্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে এবং অনেক ক্ষেত্রে ব্যবহারকারীরা সহজেই নিয়ম এড়িয়ে যেতে পারে।
বিশ্বের অন্যান্য দেশ যেমন অস্ট্রেলিয়া, ব্রাজিল ও ইন্দোনেশিয়া ইতিমধ্যেই শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সভিত্তিক সীমা বা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে বা বিবেচনা করছে। পাশাপাশি যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ডেনমার্ক, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়াও একই ধরনের নীতি নিয়ে কাজ করছে।
/ইউএমএইচ