গাজা-লেবাননে বড় হামলা ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবানন ও গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। মুসলিমদের পবিত্র ঈদুল আজহার সময় গাজায় ইসরাইলি সামরিক হামলায়

2026-06-02T02:22:20+00:00
2026-06-02T02:22:20+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
গাজা-লেবাননে বড় হামলা ইসরাইলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ২:২২ এএম 
সংগৃহীত ছবি
যুদ্ধবিরতি সত্ত্বেও লেবানন ও গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। মুসলিমদের পবিত্র ঈদুল আজহার সময় গাজায় ইসরাইলি সামরিক হামলায় ৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১৩০ জন আহত হয়েছেন। পাশাপাশি ইসরাইলি কর্তৃপক্ষ তাদের নতুন পরিকল্পনায় পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোতে অন্তত ২ হাজার ৭২১টি আবাসন ইউনিট নির্মাণের লক্ষ্য নির্ধারণ করেছে।

ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত সিভিল অ্যাডমিনিস্ট্রেশন প্ল্যানিং কাউন্সিল (বেসামরিক প্রশাসন পরিকল্পনা পরিষদ) পশ্চিম তীরের বসতি সম্পর্কিত পরিকল্পনাগুলো নিয়ে আলোচনা করতে আগামীকাল বুধবার বৈঠকে বসবে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরাইলি হামলা নিয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও পিএলওর সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনের তথ্য মতে, বিগত ২৪ ঘণ্টায় গাজার হাসপাতালগুলোতে একজন মৃত এবং আটজন আহত ব্যক্তিকে আনা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৯৩৯ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৯২৭ জনে পৌঁছেছে।

২০২৫ সালের ১০ অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ৯৩০ জন নিহত ও ২ হাজার ৮১৯ জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচ থেকে ৭৮১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গাজা উপত্যকায় এখনও হাজার হাজার মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানা গেছে।

এদিকে গাজা বন্দরের উপকূলে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের একটি জমায়েত লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের খবর অনুযায়ী আহতদের মধ্যে কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক।

এ ছাড়া মধ্য গাজা উপত্যকার বুরেইজ শরণার্থী শিবিরের ব্লক ৯-এ একটি বাড়ি লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত এবং এক শিশুসহ চারজন আহত হয়েছেন। শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঈদের শেষ দিনে গাজা সিটির সুক ফিরাস এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় গুরুতর আহত হওয়া সাইদ ফায়িজ শিমালি (২৭) নামে এক ফিলিস্তিনি যুবক আল-শিফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পাশাপাশি জাবালিয়া শরণার্থী শিবিরে একটি তাঁবু লক্ষ্য করে ইসরাইলি ড্রোন থেকে হামলা চালানো হয়েছে। গাজা সিটির পশ্চিমে শাতি শরণার্থী শিবিরের উপকূলের কাছে ফিলিস্তিনি মাছ ধরার নৌকাগুলো লক্ষ্য করে ইসরাইলি নৌযান থেকে ভারী গুলি চালানো হয়েছে। এ ছাড়াও নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আবু উরায়বান স্কুল লক্ষ্য করে হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ ছাড়া বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলেও ইসরাইলি আর্টিলারি ইউনিটগুলো আঘাত হেনেছে।

লেবাননে মোট নিহত ৩ হাজার ৪১২: যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে এক দিনে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৪১ জন নিহত এবং আরও ১৪০ জন আহত হয়েছেন। এতে ইসরাইলি বাহিনীর হামলায় মোট নিহতের সংখ্যা ৩ হাজার ৪১২ জনে পৌঁছেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক্স পেজে পোস্ট করা একটি বিবৃতিতে বলা হয়েছে, গত ২ মার্চ চলমান সশস্ত্র উত্তেজনা ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪১২ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ইসরাইলি বাহিনীর হামলায় ১০ হাজার ২৬৯ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের মতে, ইসরাইলি বিমান হামলা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

গত ১৭ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের শহর নবাতিয়েহর উপকণ্ঠে পৌঁছে গেছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বোফোর্ট দুর্গ দখল করেছে। ইসরাইলি বাহিনী এখন লেবাননের প্রায় ২ হাজার বর্গকিলোমিটার (৭৭০ বর্গমাইল) এলাকা দখল করে রেখেছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন যে, ইসরাইল এ দখলের মাধ্যমে লেবাননের অভ্যন্তরে দীর্ঘমেয়াদে অঞ্চল নিয়ন্ত্রণের ভিত্তি তৈরি করছে।

ইসরাইল শুরুতে বলেছিল যে তাদের উদ্দেশ্য হলো তাদের সীমান্তের কাছাকাছি লিতানি নদীর দক্ষিণ অঞ্চল থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের সরিয়ে দেওয়া। কিন্তু তাদের বাহিনী এখন সেই সীমানা ছাড়িয়ে বেশ সামনে এগিয়ে কার্যক্রম তথা চালাচ্ছে। ইসরাইলি সামরিক বাহিনী জহরানি নদী (লিতানি নদীর প্রায় ১০ কিলোমিটার বা ৬ মাইল উত্তরে) পর্যন্ত উত্তর দিকে সরে যাওয়ার উচ্ছেদ আদেশ জারি করেছে, যা তাদের সামরিক নিয়ন্ত্রণ আরও প্রসারিত করছে।

ইসরাইলি সৈন্যরা নবাতিয়েহর উপকণ্ঠে জাওতার আল-শারকিয়াহ এবং চৌকিন শহরে পৌঁছেছে। এদিকে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার ভোরেও দেইর এজ-জহরানিতে ইসরাইলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।

আরবিএন 


  বিষয়:   হামলা  ইসরাইলি  সেনাবাহিনী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: