প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৩:১৫ এএম
সংগৃহীত ছবিদীর্ঘ দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্বখ্যাত ব্রিটিশ পপতারকা ডুয়া লিপা ও ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার। সম্প্রতি লন্ডনের ঐতিহাসিক ওল্ড ম্যারিলেবোন রেজিস্ট্রি অফিসে সীমিত পরিসরের এক ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
৩০ থেকে ৪০ মিনিটের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রেজিস্ট্রি অফিসের সিঁড়ি দিয়ে নামার সময় তাদের পরিবার ও বন্ধুরা এই নবদম্পতির ওপর কনফেটি (কাগজের টুকরো) ছুড়ে আনন্দ প্রকাশ করেন। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে একটি কালো ট্যাক্সিতে করে তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। ৩০ বছর বয়সি এই সংগীতশিল্পী এবং ৩৬ বছর বয়সি অভিনেতার বিয়ের প্রথম ছবি প্রকাশ হওয়ার পরপরই বিশ্বজুড়ে ভক্তদের মাঝে তুমুল আলোড়ন তৈরি হয়েছে।
আগামী সপ্তাহে ইতালির সিসিলিতে তিন দিনব্যাপী এক জমকালো পার্টির পরিকল্পনা করেছে এই জুটি। সপ্তদশ শতাব্দীর ঐতিহ্যবাহী ভিলা ভালগুয়ারনেরাতে এই রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং অতিথিদের থাকার জন্য বিলাসবহুল ভিলা ইগিয়া হোটেল বুক করা হয়েছে। এই পার্টির অতিথি তালিকায় স্যার এলটন জন, মার্ক রনসন, চার্লি এক্সসিএক্স ও বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার দোনাতেলা ভার্সাচির মতো মহাতারকারা থাকছেন বলে জানা গেছে।
২০২৪ সাল থেকে ডুয়া লিপা ও ক্যালাম টার্নারের প্রেমের সম্পর্কটি মিডিয়ার নজরে আসে। যদিও তারা নিজেদের ব্যক্তিগত জীবন সবসময় প্রচারের আড়ালে রাখতেই পছন্দ করতেন। ২০২৫ সালের জুন মাসে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডুয়া লিপা আনুষ্ঠানিকভাবে তাদের বাগদানের খবর নিশ্চিত করেন। বাগদানের এক বছরের মাথায় নিজেদের সম্পর্ক এক ধাপ এগিয়ে নিয়ে স্থায়ীভাবে জীবনসঙ্গী হিসেবে পথচলা শুরু করল এই তারকা যুগল।
আরবিএন