ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ সময় গাড়িটির ভেতর থেকে একটি সুইচগিয়ার চাকু, একটি টাইগার বিয়ারের ক্যান ও নারীদের একটি থ্রি-পিস উদ্ধার করা হয়েছে। সোমবার (১ মে) সকালে ছাই রঙের গাড়িটি (ঢাকা মেট্রো-খ ১৪-০২০৮) জব্দ করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে স্থানীয় বাসিন্দা রমজান আলী মিয়ার বাড়ির পেছনে অজ্ঞাতপরিচয় কেউ গাড়িটি ফেলে রেখে যায়। সোমবার ভোরে ঘুম থেকে উঠে বাড়ির পেছনে অপরিচিত গাড়িটি দেখতে পান রমজান আলী। তিনি আশপাশের লোকজনকে জিজ্ঞেস করে গাড়ির মালিকের সন্ধান না পাওয়ায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটির দরজা খুলে তল্লাশি চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে সুইচগিয়ার চাকু, বিয়ারের ক্যান ও একটি থ্রি-পিস উদ্ধার করা হয়েছে। বিআরটিএ-র মাধ্যমে গাড়ির নিবন্ধন যাচাই করে মালিকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলমান রয়েছে।
আরবিএন