ইরানের হুমকি ও ট্রাম্পের এক ফোনেই সিদ্ধান্ত বদল নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের কঠোর হুঁশিয়ারি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে

2026-06-02T04:54:19+00:00
2026-06-02T04:54:19+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের হুমকি ও ট্রাম্পের এক ফোনেই সিদ্ধান্ত বদল নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৪:৫৪ এএম 
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইরানের কঠোর হুঁশিয়ারি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে এসেছে ইসরাইল। এমনটাই দাবি করেছেন ট্রাম্প। সোমবার (১ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার একটি ‘খুবই ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। তিনি বলেন, বৈরুতে কোনো সেনা যাবে না। যারা পথে ছিল, তাদেরও ফিরিয়ে নেওয়া হয়েছে।

ট্রাম্প আরও দাবি করেন, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গেও একটি সমঝোতা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, উভয় পক্ষ গোলাগুলি বন্ধ রাখতে সম্মত হয়েছে। ফলে ইসরাইল হিজবুল্লাহর ওপর হামলা করবে না এবং হিজবুল্লাহও ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালাবে না।

এর আগে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের মধ্যেই লেবাননে হামলা জোরদার করে ইসরাইল। সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈরুতের দক্ষিণাঞ্চলের হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত এলাকায় হামলার নির্দেশ দিলে নতুন করে উদ্বেগ দেখা দেয়। এর ফলে লেবাননে আরও বাস্তুচ্যুতির আশঙ্কা তৈরি হয়। দেশটিতে চলমান সংঘাতে এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে।

নেতানিয়াহুর ঘোষণার পরই ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব কঠোর প্রতিক্রিয়া জানায়। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড সতর্ক করে জানায়, দক্ষিণ বৈরুতে হামলার হুমকি বাস্তবায়ন করা হলে অধিকৃত অঞ্চলের উত্তরাংশে বসবাসকারী ইসরাইলিদের এলাকা ছাড়ার প্রস্তুতি নিতে হবে।

এক বিবৃতিতে ইরানি সামরিক কর্তৃপক্ষ জানায়, ইসরাইল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। যদি বৈরুতে হামলা চালানো হয়, তাহলে উত্তরাঞ্চল ও সামরিক বসতিগুলোর বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানানো হবে, যাতে তারা ক্ষয়ক্ষতির শিকার না হন।

ইরানের দাবি, গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি শুধু ইরান নয়, লেবাননসহ সব ফ্রন্টে সংঘাত বন্ধের বিষয়ও অন্তর্ভুক্ত করে।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, লেবাননে ইসরাইলের বাড়তে থাকা হামলা, দেশটিতে সামরিক অভিযান এবং ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি সব ফ্রন্টের জন্য প্রযোজ্য। কোনো একটি ফ্রন্টে তা লঙ্ঘিত হলে পুরো চুক্তিই ভঙ্গ হয়েছে বলে বিবেচিত হবে।

একই ধরনের বক্তব্য দিয়েছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তিনি বলেন, লেবাননে ইসরাইলের সামরিক তৎপরতা এবং অব্যাহত অবরোধ যুদ্ধবিরতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার প্রমাণ।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে, লেবাননে তেহরান-সমর্থিত হিজবুল্লাহর ওপর ইসরাইলি হামলা অব্যাহত থাকলে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়তে পারে।

হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের হুঁশিয়ারির পর বৈরুত হামলার পরিকল্পনা পুনর্বিবেচনা শুরু করে ইসরাইল। ইসরাইলি ব্রডকাস্টিং অথরিটি ‘কান’ জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের জরুরি ফোনকলের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু বৈরুতের দাহিয়েহ এলাকায় বড় ধরনের হামলার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন।

আরবিএন 
  বিষয়:   ইরান  ট্রাম্প  নেতানিয়াহু 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: