দায়িত্ব নেওয়ার মাত্র সাড়ে তিন মাসের মাথায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। প্রধানমন্ত্রী তারেক রহমান তার এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এদিকে, এই পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে রাঙ্গামাটিতে বিক্ষোভ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (১ জুন) বিকেলে রাঙ্গামাটি শহরের গর্জনতলী এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরবর্তীতে জেলা বিএনপির শীর্ষ নেতারা ঘটনাস্থলে এসে কর্মীদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের দৈনন্দিন দাপ্তরিক ও প্রশাসনিক কাজ এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়ছে। তাই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতিশীলতা বজায় রাখার স্বার্থেই তিনি বর্তমান পদ থেকে অব্যাহতি চেয়েছেন।
তবে মন্ত্রীর এই পদত্যাগের পেছনে কেবল অসুস্থতাই একমাত্র কারণ নয় বলে মনে করছেন স্থানীয় বিএনপি নেতারা। এ প্রসঙ্গে রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির সংবাদমাধ্যমকে বলেন, "শুধু অসুস্থতার কথা বলা হলেও এর পেছনে মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ কোনো সমস্যা থাকতে পারে বলে আমাদের ধারণা। মন্ত্রণালয় পরিচালনায় কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ বা প্রশাসনিক স্বাধীনতার অভাবের কারণেও তিনি এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। খবরটি পাওয়ার পর তার সঙ্গে যোগাযোগের একাধিক চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।"
আদালতের দীর্ঘ কর্মজীবন শেষে রাজনীতিতে আসা দীপেন দেওয়ানের রাজনৈতিক সফর বেশ নাটকীয়। ২০০৬ সালে তৎকালীন চারদলীয় জোট সরকারের শেষ সময়ে উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান দল ত্যাগ করলে রাঙ্গামাটি বিএনপিতে এক ধরনের নেতৃত্বশূন্যতা তৈরি হয়।
সেই সংকটময় মুহূর্তে তৎকালীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে প্রায় ২০ বছরের জুডিসিয়াল সার্ভিসের চাকরি ছেড়ে রাজনীতিতে যুক্ত হন দীপেন দেওয়ান। রাজনীতিতে আসার পর বিভিন্ন সময়ে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে।
পরবর্তীতে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর একই দিনে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছিলেন দীপেন দেওয়ান।
সময়ের আলো/জেডি