এবার পুরো বোর্ডের পদত্যাগ দাবি ইসলামী ব্যাংক ‘গ্রাহক ফোরামের’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে ‘সচেতন গ্রাহক ফোরাম’।গতকালের

2026-06-02T12:05:02+00:00
2026-06-02T12:05:02+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
এবার পুরো বোর্ডের পদত্যাগ দাবি ইসলামী ব্যাংক ‘গ্রাহক ফোরামের’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১২:০৫ পিএম 
দ্বিতীয় দিনের মতো অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে ‘সচেতন গ্রাহক ফোরাম’। সংগৃহীত ছবি
রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে ‘সচেতন গ্রাহক ফোরাম’। 

গতকালের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই আজ মঙ্গলবার (২ জুন) সকাল থেকে আবারও উত্তপ্ত হয়ে ওঠে ব্যাংক পাড়া। এবার শুধু নবনিযুক্ত চেয়ারম্যানই নন, ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের (বোর্ড) সব সদস্যের অবিলম্বে পদত্যাগের নতুন দাবি তুলেছেন আন্দোলনকারীরা।

এর আগে সোমবার (১ জুন) নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তাঁর নিয়োগ বাতিলের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলে সংগঠনটি। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল এবং জলকামান ব্যবহার করলে রণক্ষেত্রে পরিণত হয় দিলকুশা এলাকা। ওই রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৫ জন আন্দোলনকারী আহত হন। 

বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন চেয়ারম্যান খুরশীদ আলম বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী 'এস আলম গ্রুপ'-এর অত্যন্ত ঘনিষ্ঠ ও সহযোগী হিসেবে পরিচিত। বর্তমান বোর্ডে এস আলমের 'দোসরদের' বহাল রাখা হলে ব্যাংকের আমানত লুটপাটের ধারা আবারও ফিরে আসার আশঙ্কা করছেন তাঁরা। মূলত সাধারণ গ্রাহকদের রক্তঘামে অর্জিত আমানত ও স্বার্থ রক্ষা করতেই তাঁরা রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন।

উদ্ভূত পরিস্থিতিতে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর পক্ষ থেকে ৫ দফা দাবি উত্থাপন করে বলা হয়েছে, ব্যাংকের বর্তমান সংকটজনক পরিস্থিতি বিবেচনায় অবিলম্বে নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিল ও তাঁর অপসারণ করতে হবে। একই সাথে সাবেক সফল ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনরায় ব্যাংকের দায়িত্ব ফিরিয়ে দিতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের জন্য যোগ্য নতুন গভর্নর নিয়োগ অথবা বর্তমান গভর্নরের অবিলম্বে পদত্যাগ নিশ্চিত করতে হবে। আন্দোলনকারীরা আরও দাবি করেন যে, অতীতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হওয়া বিতর্কিত কর্মকর্তা-কর্মচারীদের ইসলামী ব্যাংকের সীমানা বা আশেপাশে আসা সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। 
এসব দাবি অনতিবিলম্বে পূরণ না হলে আগামীতে দেশজুড়ে তীব্র ও লাগাতার কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এদিকে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে আজ সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   বোর্ডের পদত্যাগ  দাবি  ইসলামী ব্যাংক  ‘গ্রাহক ফোরামের’ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: