রাঙামাটি শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনি এলাকা থেকে সাজেদুল হক নামের এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ জুন) দিবাগত মধ্যরাতে ভাড়া বাসার একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সাজেদুল হক রাঙামাটি সদর পুলিশ ফাঁড়িতে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন এবং তাঁর বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার হনুমানপুর গ্রামে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, এসআই সাজেদুল হক তবলছড়ি পোস্ট অফিস কলোনিতে স্ত্রী সাজিদা আক্তার ও তাদের চার বছর বয়সী একমাত্র সন্তানকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন। সোমবার (১ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে স্ত্রীর অগোচরে বাসার একটি দোলনার রশি কেটে নিয়ে ঘরের ফ্যানের সাথে ফাঁস দেন তিনি। পরবর্তীতে বিষয়টি টের পেয়ে তার স্ত্রী তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
ঘটনার পর রাতেই রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, প্রাথমিক আলামত ও পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই পুলিশ কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
সময়ের আলো/জেডি