আগামী শনিবার ও মঙ্গলবারের দুটি প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচকে সামনে রেখে সোমবার (৩১ মে) থেকে আনুষ্ঠানিকভাবে মাঠের প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল দল। বিশ্বকাপের মূল আসরে নামার আগে এই ম্যাচগুলো আলবিসেলেস্তেদের জন্য এক অনবদ্য স্বপ্নযাত্রা।
তবে ম্যাচের রোমাঞ্চের চেয়েও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন শিবিরে বড় আলোচনা হয়ে দাঁড়িয়েছে তারকা ফুটবলারদের চোটের তালিকা। ইনজুরি নিয়ে কোচ লিওনেল স্কালোনি কিছুটা অস্বস্তিতে থাকলেও স্কোয়াডে থাকা বাকি ফুটবলারদের নিয়ে পুরোদমে মিশন শুরু করেছেন তিনি।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টার ঠিক পরপরই লিওনেল মেসির দল যুক্তরাষ্ট্রের ‘কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টার’-এ পৌঁছায়। মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব স্পোর্টিং কানসাস সিটির নিজস্ব এই ভেন্যুতেই আর্জেন্টাইনদের ক্যাম্প বসেছে।
যুক্তরাষ্ট্রের তপ্ত আবহাওয়া উপেক্ষা করেই প্রথম দিন অনুশীলনে ঘাম ঝরিয়েছেন আর্জেন্টিনার ফুটবলাররা। দলগতভাবে এটিই প্রথম দিনের সেশন হওয়ায় শুরুতে ইনটেনসিটি বা ওয়ার্কলোড কিছুটা কম রাখা হয়েছিল। প্রথমে জিমে শারীরিক কসরত এবং পরবর্তীতে মূল মাঠে স্কিল ও কন্ডিশনিং সেশন সম্পন্ন করে স্কালোনির শিষ্যরা। মূলত নতুন করে আর কেউ যেন চোটের কবলে না পড়েন, সেই সতর্কতার অংশ হিসেবেই হালকা মেজাজে শুরু হয়েছে প্রথম দিনের মহড়া।
বিশ্বকাপের স্কোয়াডে ডাক পাওয়া ২৬ জন খেলোয়াড়ই গত রোববার বিকেলে কানসাস সিটির এই ক্যাম্পে যোগ দিয়েছেন। তবে কোচ স্কালোনি ভালো করেই জানেন, আসন্ন প্রীতি ম্যাচগুলোতে মাঠের লড়াইয়ে বেশ কয়েকজন নিয়মিত তারকাকে তিনি দলে পাচ্ছেন না।
আর্জেন্টিনা স্কোয়াডে চোটের তালিকায় সর্বশেষ নাম লিখিয়েছেন মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। বোকা জুনিয়র্সের হয়ে উনিভার্সিদাদ কাতোলিকার বিপক্ষে ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি। এখন দলের মূল লক্ষ্য হচ্ছে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগেই যেন এই তারকাকে শতভাগ সুস্থ করে তোলা যায়।
পারেদেসের পাশাপাশি ইনজুরির চিন্তায় আছেন খোদ বিশ্বস্ত গোলরক্ষক এমিলিয়ানো 'দিবু' মার্তিনেজ। ইউরোপা লিগের ফাইনালের ঠিক আগে বাম হাতের একটি আঙুলে ফাটল ধরে এই প্রাচীরের। ফলে হাতে ব্যান্ডেজ নিয়েই কানসাসের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। এছাড়া হেল্লাস ভেরোনার হয়ে খেলার সময় বাম হাঁটুতে চোট পাওয়া নিকো পাজ এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি।
আশার আলো ছড়াচ্ছেন ক্রিস্টিয়ান রোমেরো, যিনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার একেবারে শেষ ধাপে রয়েছেন। একই অবস্থা স্ট্রাইকার হুলিয়ান আলভারেসেরও। গত এপ্রিলের শেষে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বাম গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। তবে আশার কথা হলো, বিশ্বকাপের মহারণ শুরুর আগেই আলভারেস পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করছে মেডিকেল টিম।
এই চোটের মিছিলে আরও আছেন নিকোলাস গঞ্জালেস (অ্যাতলেটিকো মাদ্রিদের অনুশীলনে ইনজুরি), গঞ্জালো মন্তিয়েল এবং নাহুয়েল মলিনা। এই দুই ডিফেন্ডারই বর্তমানে পেশির চোটে ভুগছেন।
তারকাদের এমন চোটের কারণে বিকল্প পরিকল্পনাও সেরে রাখছে আর্জেন্টিনার কোচিং স্টাফ। চূড়ান্ত স্কোয়াডের বাইরে থাকা সান্তিয়াগো বেলত্রান, অগুস্তিন গিয়াই, নিকোলাস কাপাল্দো, নিকোলাস দোমিঙ্গেস, মাতিয়াস সুলে, মাক্সিমো পেরোনে এবং এমিলিয়ানো বুয়েন্দিয়ার মতো নির্ভরযোগ্য খেলোয়াড়দের ব্যাকআপ হিসেবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, এই ফুটবলাররা সবাই আর্জেন্টিনার ৫৫ জনের প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত ছিলেন।
সময়ের আলো/জেডি