সন্তানহারা বাবা-মায়ের অশ্রুসিক্ত এক কোরবানির গল্প

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের বানারীপাড়া উপজেলায় হামে আক্রান্ত হয়ে মাত্র ৮ মাস ১৭ দিন বয়সে মারা গেছে ফুটফুটে শিশু মো. আব্দুর রহমান। তার

2026-06-02T16:56:00+00:00
2026-06-02T16:56:00+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সন্তানহারা বাবা-মায়ের অশ্রুসিক্ত এক কোরবানির গল্প
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৪:৫৬ পিএম 
হামে সন্তান হারানো পরিবারে ঈদের আনন্দ রূপ নেয় বিষাদে। ছবি : সময়ের আলো
বরিশালের বানারীপাড়া উপজেলায় হামে আক্রান্ত হয়ে মাত্র ৮ মাস ১৭ দিন বয়সে মারা গেছে ফুটফুটে শিশু মো. আব্দুর রহমান। তার মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়েছে পরিবার। পবিত্র ঈদুল আজহার আনন্দও তাদের জীবনে রূপ নিয়েছে গভীর বিষাদে।

উপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামের ট্রলিগাড়িচালক মো. রিয়াজুল ইসলাম বাবু ও গৃহিণী আসমার দুই মেয়ের পর জন্ম হয়েছিল ছেলে আব্দুর রহমানের। পরিবারের একমাত্র ছেলে সন্তানকে ঘিরে ছিল বাবা-মায়ের অসংখ্য স্বপ্ন। তারা আশা করেছিলেন, ছেলে বড় হয়ে লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হবে এবং পরিবারের অভাব-অনটন দূর করবে। কিন্তু হামে আক্রান্ত হয়ে সেই স্বপ্ন মুহূর্তেই ভেঙে যায়।

Advertisement
পরিবার সূত্রে জানা যায়, হামে আক্রান্ত হওয়ার পর আব্দুর রহমানকে ১৯ দিন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালের চিকিৎসকরা আইসিইউসহ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু অর্থাভাবে পরিবার শিশুটিকে ঢাকায় নিতে পারেনি। পরে গত ১৬ মে অসুস্থ অবস্থায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়। অবস্থার আরও অবনতি হলে ২৩ মে সকালে সে মারা যায়। ওই দিন রাত ৮টার দিকে জানাজা শেষে বাড়ির আঙিনায় তাকে দাফন করা হয়।

একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা এখন পাগলপ্রায়। পরিবারের সদস্যরা বারবার ছুটে যাচ্ছেন শিশুটির কবরের কাছে। তাদের কান্না ও আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। ঈদুল আজহার দিনও আব্দুর রহমানের বাবা-মা, দুই বোন ও স্বজনরা তার কবরের পাশে গিয়ে অশ্রুসিক্ত সময় কাটিয়েছেন।

ছেলেকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি মা আসমা। বাড়ির উঠোনে ছেলেকে দাফন করলেও তার মনে একটাই দুশ্চিন্তা-এত ছোট একটি শিশু অন্ধকার কবরে একা কীভাবে থাকবে। সেই ভাবনা থেকে তিনি ছেলের মরদেহ কবর থেকে তুলে ঘরের মেঝেতে দাফন করার ইচ্ছার কথাও জানিয়েছেন।

একমাত্র ভাইকে হারিয়ে কান্না থামছে না ৮ বছর বয়সী নূসরাত ও সাড়ে তিন বছর বয়সী স্নেহার। তারা বারবার ভাইয়ের খোঁজ করছে এবং কবরের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। ভাইকে নিয়ে তাদের স্বপ্ন ছিল, বড় হলে একসঙ্গে খেলবে, স্কুলে যাবে এবং চকলেট কিনে খাবে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

পরিবারের সদস্যরা জানান, আব্দুর রহমানকে হাসপাতাল থেকে বাড়িতে আনার পর তার সাড়ে তিন বছর বয়সী বোন স্নেহাও হামে আক্রান্ত হয়। পরে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর সে কিছুটা সুস্থ হয়েছে। এদিকে দুই ছেলের পরিবারে তিন নাতনীর পর জন্ম নেওয়া একমাত্র নাতি আব্দুর রহমানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দাদি শাহিনুর সাথি। নাতির মৃত্যুর খবর পেয়ে তিনি ঢাকা থেকে বাড়িতে ছুটে আসেন।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার বড় ছেলের এক মেয়ে আর ছোট ছেলের দুই মেয়ের পর বংশের প্রদীপ হয়ে জন্ম নিয়েছিল আব্দুর রহমান। আল্লাহ ওকে না নিয়ে আমাকে কেন মৃত্যু দিল না? এই শোক সহ্য করার মতো নয়।

শিশুটির বাবা মো. রিয়াজুল ইসলাম বাবুও শোকাহত কণ্ঠে বলেন, দুই মেয়ের পর আল্লাহ আমাকে একটি ছেলে সন্তান দিয়েছিলেন। তাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। হামে আক্রান্ত হওয়ার পর ধারদেনা করে যথাসাধ্য চিকিৎসা করিয়েছি। কিন্তু তাকে বাঁচাতে পারিনি। টাকার অভাবে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসাও করাতে পারিনি। একপর্যায়ে আমার ছোট মেয়েটিও হামে আক্রান্ত হয়। এখনও সে পুরোপুরি সুস্থ হয়নি। তাকে নিয়েও দুশ্চিন্তায় আছি। সঠিক সময়ে হামের টিকা দিতে পারলে হয়তো আজ এ পরিণতি হতো না। বাবার কাঁধে সন্তানের লাশের চেয়ে ভারী কিছু পৃথিবীতে নেই। ছেলেকে হারানোর বেদনা আমাদের সারাজীবন বয়ে বেড়াতে হবে। সবার কাছে আমার মৃত ছেলের জন্য দোয়া চাই।

এদিকে বানারীপাড়া উপজেলায় হামে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছে ৭ মাস বয়সী সাফওয়ান, ৪ মাস বয়সী তাবাসসুম এবং ৯ মাস বয়সী রাকিব। প্রিয় সন্তানদের হারিয়ে এসব পরিবারেও এখনও শোকের ছায়া বিরাজ করছে।

স্বজনরা জানান, কোরবানির ঈদে এসব পরিবারে আনন্দের কোনো আবহ ছিল না। ঈদের দিনও সন্তানদের কবরের পাশে গিয়ে কান্না আর আফসোসে সময় কাটিয়েছেন বাবা-মায়েরা। সন্তান হারানোর সেই বেদনা এখনও তাড়া করে ফিরছে তাদের।

আরবিএন 
  বিষয়:   বরিশাল  বানারীপাড়া  হাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: