হবিগঞ্জের লাখাইয়ে বেআইনিভাবে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা ও পরিবেশ দূষণ করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার মোড়াকরি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, লাইসেন্স না থাকাসহ পরিবেশ দূষণ ও আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৬ ধারা লঙ্ঘনের দায়ে ১৮ ধারার আওতায় সিএমসি ইটভাটার মালিক বাহাদুর উদ্দীনকে ৩ লাখ টাকা জরিমানা করেন।
একই অপরাধে তিতাস ইটভাটার মালিক, ব্রাহ্মণবাড়িয়া জেলার সুহিলপুর এলাকার হাজি আব্দুল আলীমের ছেলে মিজানুর রহমানকেও ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক (ইন্সপেক্টর) সুমন উপস্থিত ছিলেন। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার এএসআই প্রদীপ সূত্রধরসহ পুলিশের একটি দল।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশবিধি ও প্রচলিত আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরবিএন