বিশ্বজয়ের মুকুট ধরে রাখার মিশনে নামতে হাতে সময় আছে আর মাত্র ৯ দিন। ঠিক এই অন্তিম মুহূর্তে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবিরে বড় দুশ্চিন্তার মেঘ হয়ে দেখা দিয়েছিল অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্টিনেজের আঙুলের চোট।
তবে সব শঙ্কা ছাপিয়ে দলের প্রথম অনুশীলনেই মাঠে নেমে সমর্থকদের বড় স্বস্তি দিলেন এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক।
তবে পূর্ণোদমে অনুশীলন করেননি তিনি। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আলবিসেলেস্তেদের প্রস্তুতি সেশনে তাকে সতীর্থদের সঙ্গে সক্রিয় দেখা গেছে, যা টুর্নামেন্ট শুরুর আগে লিওনেল স্কালোনির শিষ্যদের জন্য বড় মানসিক টনিক হিসেবে কাজ করছে।
ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম-আপের সময় বাঁ হাতের আঙুলে চিড় ধরায় অ্যাস্টন ভিলার এই তারকার বিশ্বকাপ খেলা নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুশীলনের কিছু ছবি পোস্ট করে মার্টিনেজ নিজেই ভক্তদের নিজের ইনজুরির আপডেট জানিয়েছেন। যদিও তার বাঁ হাতের অনামিকা ও কনিষ্ঠ আঙুলের অংশটি এখনও ব্যান্ডেজে মোড়ানো, তবু বল পায়ে তাকে বেশ আত্মবিশ্বাসী দেখা গেছে।
নিজের অনুভূতি ব্যক্ত করে মার্টিনেজ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘প্রথম দিন, অনেক উৎসাহ নিয়ে অনুশীলন করেছি। তবে সবকিছু করতে পারছি না বলে খারাপ লাগছে। বন্ধুদের সঙ্গে এবং দেশের জন্য একসঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত।’
আর্জেন্টিনা দলের মেডিকেল স্টাফদের নিবিড় পর্যবেক্ষণে থাকা মার্টিনেজ অবশ্য এখনই পূর্ণমাত্রায় অনুশীলন শুরু করেননি। গোলকিপিংয়ের চেয়ে আপাতত কন্ডিশনিং ও বল কন্ট্রোলের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি। কোচ লিওনেল স্কালোনিও তার দলের এই প্রধান ভরসাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ।
ফলে বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠেয় দুটি প্রস্তুতি ম্যাচে মার্টিনেজকে সাইডবেঞ্চেই রাখা হতে পারে।
আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ১৬ জুন, যেখানে তাদের প্রথম প্রতিপক্ষ আলজেরিয়া। দলের চিকিৎসক দল আশাবাদী যে, উদ্বোধনী ম্যাচের আগেই গোলবারের এই ‘বাজপাখি’ শতভাগ ফিটনেস ফিরে পাবেন এবং আলবিসেলেস্তেদের দুর্গ সামলাতে প্রথম ম্যাচ থেকেই গ্লাভস হাতে মাঠে নামবেন।
বেশ কয়েকজন ফুটবলারের ছোটখাটো চোট নিয়ে দুশ্চিন্তা থাকলেও মার্টিনেজের মাঠে ফেরা আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনের পথে নতুন এক আশার আলো সঞ্চার করেছে।
/এসএকে