নতুন পরিচয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন সংগীতশিল্পী প্রত্যয় খান। ‘এই শহর, এই পরিবার’ নামের একটি নতুন ড্রামা সিরিজের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটতে যাচ্ছে এই তারকা সংগীতশিল্পীর।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রত্যয় খান নিজেই ভক্তদের সঙ্গে এই আনন্দের খবরটি ভাগ করে নিয়েছেন। তিনি জানান, এই নাটকে তিনি ‘অপু’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
তবে অভিনয় করলেও নিজের মূল সত্তা সংগীতকে ভুলে যাননি প্রত্যয়। অভিনয়ের পাশাপাশি এই সুন্দর পারিবারিক নাটকটির আবহ সংগীত (ব্যাকগ্রাউন্ড মিউজিক) এবং টাইটেল সংয়ের সুর ও সংগীতায়োজনের গুরুদায়িত্বও সামলেছেন তিনি নিজেই। একাধারে অভিনয় এবং সংগীত পরিচালনা- দুই মাধ্যমেই নিজের প্রতিভার ছাপ রাখতে যাচ্ছেন তিনি।
নতুন এই যাত্রা প্রসঙ্গে প্রত্যয় খান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ড্রামা সিরিজ ‘এই শহর, এই পরিবার’ এর মাধ্যমে আমার নতুন যাত্রা শুরু হলো। এতে আমি ‘অপু’ চরিত্রে অভিনয় করছি, পাশাপাশি এই সুন্দর পারিবারিক নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং টাইটেল সংয়ের সুর ও সংগীতায়োজনের দায়িত্বও পালন করেছি।
নির্মাতা ও সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, ধন্যবাদ সম্রাট জাহাঙ্গীর, আমার সহশিল্পীদের এবং পুরো টিমকে। ‘এই শহর, এই পরিবার’ এর সঙ্গে আমার এই নতুন পথচলার জন্য সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।
সংগীতের আঙিনায় তুমুল জনপ্রিয় প্রত্যয় খানের এই নতুন পথচলা নাট্যাঙ্গনে কেমন সাড়া ফেলে, এখন সেটাই দেখার অপেক্ষায় আছেন তার ভক্ত-অনুরাগীরা।
/এসএকে