দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় রাসেল রানা (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামের শালবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাসেল ভোগডোমা গ্রামের মো.শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কয়েকজন ব্যক্তি শালবাগানে লিচু সংগ্রহ করতে গিয়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বিষয়টি বীরগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। পরে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার,বীরগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর বাদশা রনি সহ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।
নিহতের বড় ভাই নাজমুল ইসলাম জানায়, রাত ১১-১২ টার দিকে বাড়ি হতে বের হয়ে আর ফিরেনি।
পুলিশ জানায়, নিহত রাসেলের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্ত বের হয়েছে। বাম পায়েও আঘাতের চিহ্ন রয়েছে।
বীরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর বাদশা রনি জানায়, প্রাথমিক ধারণা করা হচ্ছে ১ জুন রাত সাড়ে ১২টা থেকে ২ জুন ভোর সাড়ে ৫টার মধ্যে যে কোন সময়ে এ ঘটনাটি ঘটেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। রাসেলের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সময়ের আলো/জেডি