চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় ৯ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধ মুদি দোকানিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২ জুন) বিকেলে হালিশহর আবাসিক এলাকার বি-ব্লক পাবলিক স্কুল মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী শিশুটি ওই এলাকার একটি মুদির দোকানে আইসক্রিম কিনতে যায়। এ সময় দোকানে অন্য কোনো ক্রেতা না থাকার সুযোগে দোকানি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে শিশুটি দোকান থেকে বের হয়ে বিষয়টি তার পরিবারকে জানালে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দোকানদারকে ঘেরাও করে আটকে রাখে। খবর পেয়ে হালিশহর থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত বৃদ্ধকে জনতার হাত থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগের তথ্য পাওয়া গেছে। তবে ঘটনাটি ধর্ষণ বা ধর্ষণচেষ্টার পর্যায়ে পড়েছে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে হালিশহর এলাকা থেকে থানায় আনা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’
হালিশহর থানা পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনাটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সময়ের আলো/জেডি