তাপপ্রবাহের মধ্যে বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

সময়ের আলো ডেস্ক

জাতীয়

গরমের তীব্রতায় ওষ্ঠাগত জনজীবনে কিছুটা স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়াঅধিদপ্তরে। টানা কয়েকদিন ধরে চলা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের মধ্যেই রাজধানী

2026-06-03T11:21:59+00:00
2026-06-03T11:21:59+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
তাপপ্রবাহের মধ্যে বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১১:২১ এএম 
রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংগৃহীত ছবি
গরমের তীব্রতায় ওষ্ঠাগত জনজীবনে কিছুটা স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তরে। টানা কয়েকদিন ধরে চলা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের মধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সাথে কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস থাকায় নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য আগামী ৬ ঘণ্টার একটি বিশেষ পূর্বাভাস জারি করা হয়। 

পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং যেকোনো সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির দেখা মিলতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। 

আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকাল মঙ্গলবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াসে, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।

আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচলের জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


এর আগে মঙ্গলবার রাতে প্রকাশিত পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বৃষ্টির আভাস থাকলেও দেশের একটি বড় অংশে চলমান তাপপ্রবাহ এখনই পুরোপুরি কাটছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ আজও অব্যাহত থাকবে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   তাপপ্রবাহ  বৃষ্টি  পূর্বাভাস  আবহাওয়া অফিস 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: