ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা কাঠামোতে সাম্প্রতিক পরিবর্তনকে কেন্দ্র করে গ্রাহকদের আন্দোলন অব্যাহত রয়েছে। নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিল এবং ব্যাংকের ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর দিলকুশায় অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল গ্রাহক।
বুধবার (৩ জুন) মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আন্দোলনকারীরা দাবি করেন, ব্যাংকের সাম্প্রতিক বোর্ড পুনর্গঠন ও চেয়ারম্যান নিয়োগ নিয়ে গ্রাহকদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও সুশাসন নিশ্চিত করতে তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন প্রয়োজন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহাল করতে হবে এবং ব্যাংকের পরিচালনা পর্ষদে বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া যাবে না। একই সঙ্গে ব্যাংক খাতের বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবিও জানান তারা।
আরও পড়ুন
আন্দোলনকারীরা পূর্বঘোষিত সাত দফা দাবির প্রতি পুনরায় সমর্থন জানিয়ে বলেন, ইসলামী ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে অতীতে যেসব বিতর্ক তৈরি হয়েছে, সেগুলোর স্থায়ী সমাধান দেখতে চান গ্রাহকরা। তাদের মতে, ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনতে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
এর আগে সোমবার একই দাবিতে প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ওই কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে কয়েকজন অংশগ্রহণকারী আহত হন। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ভিন্ন।
এদিকে চলমান আন্দোলনের মধ্যেই ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা নির্ধারিত সময় অনুযায়ী সরাসরি অনুষ্ঠিত না হয়ে ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন হয়। নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ভার্চুয়াল সভায় ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত আলতাফ হোসাইন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এএডি/