হাটহাজারীতে অগ্নিকান্ডের ঘটনায় পাঁচ পরিবারের ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১নং ওয়াডস্থ ডাক্তার আব্দুল মাসুদ খানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত একটার দিকে উল্লেখিত বাড়ীতে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় আশে পাশের লোকজন ছুটে এসে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে হাটহাজারী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজ রিবেনের নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে পার্শ্ববর্তী বেশকিছু বাড়িঘর আগুনের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়।
আরও পড়ুন
তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই ওই বাড়ির মৃত সোলাইমান, মৃত সিরাজ, মো. সেলিম, মো.রিয়াজ, হুমায়ন সহ পাঁচজনের পাঁচটি কাঁচা বসত ঘর সকল আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এ অগ্নিকান্ডের ঘটনায় তাদের অন্তত দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।
হাটহাজারী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অগ্নিকান্ডের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকান্ডের কারণ তদন্তাধীন আছে।
এদিকে খবর পেয়ে হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্গত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষণাৎ ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
এএডি/