সংবাদ পত্রের ক্রম নির্ধারণ ও বিজ্ঞাপন বণ্টনের ক্ষেত্রে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের (ডিএফপি) ক্ষমতা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এখন থেকে এ বিষয়টি দেখভালের জন্য ১০ সদস্যের একটি কমিটি গঠন করতে যাচ্ছে মন্ত্রণালয়। চলতি মাসেই কমিটি ঘোষণা দেওয়া হবে। এই কমিটির কাজ হবে সংবাদ পত্রের ক্রম নির্ধারণ করা এবং বিজ্ঞাপন বণ্টন করা, যা আগে ডিএফপি করত।
বুধবার (৩ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন নিজ মন্ত্রণালয়ে সময়ের আলোকে বলেন, চলতি মাসেই ১০ সদস্যের কমিটি ঘোষণা দেয়া হবে। কমিটিতে মন্ত্রণালয়, সংবাদপত্রের মালিক ও সাংবাদিকদের প্রতিনিধিরা থাকবেন। তারাই সংবাদ পত্রের ক্রম নির্ধারণ ও বিজ্ঞাপন বণ্টনের সিদ্ধান্ত গ্রহণ করবেন। মন্ত্রণালয় এতে কোনো হস্তক্ষেপ করবে না। আগে সংবাদ পত্রের ক্রম নির্ধারণ করতো ডিএফপি, এখন থেকে গঠিত কমিটি সেটা করবে।
তিনি বলেন, দীর্ঘ দিন ধরেই সংবাদপত্রে ক্রম নির্ধারণ ও বিজ্ঞাপন বণ্টন নিয়ে নানা সমালোচনা রয়েছে। সেটা থেকে বেরিয়ে আসতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটিতে যারা থাকবেন তারা কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্র জানায়, সংবাদপত্রে ক্রম নির্ধারণ ও বিজ্ঞাপন বণ্টন নিয়ে ডিএফপির বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। সার্কুলেশন না থাকলেও বেশি দেখিয়ে ক্রম এগিয়ে নেওয়ার অভিযোগ বহু পুরনো। এদের দায় এসে পড়ে মন্ত্রণালয়ের ওপর। আগের সরকারের সময় সংয়ক্রিয়ভাবে বিজ্ঞাপনের কমিশন পেতেন মন্ত্রীরা। এইসব অভিযোগ থেকে বেরিয়ে আসতেই কমিটির ওপর দায়িত্বভার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সময়ের আলো/টিএইচ