বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাতে পারে বিটিভি

স্পোর্টস ডেস্ক

খেলা

বাংলাদেশে পুরুষ ফুটবল বিশ্বকাপ ২০২৬ সরাসরি সম্প্রচার করার বিষয়ে সরকারের সঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে

2026-06-03T19:10:09+00:00
2026-06-03T19:10:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাতে পারে বিটিভি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:১০ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশে পুরুষ ফুটবল বিশ্বকাপ ২০২৬ সরাসরি সম্প্রচার করার বিষয়ে সরকারের সঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সব কিছু ঠিক থাকলে রাষ্ট্রেীয় টেলিভিশন চ্যানেল বিটিভি আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই বৈশ্বিক আসরটি সরাসরি সম্প্রচার করবে, যার ফলে দেশের লাখ লাখ ফুটবলপ্রেমীর খেলা দেখা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। 

বুধবার (৩ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বিটিভির নির্ভরযোগ্য দুটি সূত্র এই ইতিবাচক অগ্রগতির তথ্য নিশ্চিত করেছে।

জানতে চাইলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জনগণের টাকা খরচ না করে সাধারণ মানুষকে খেলা দেখানোর জন্য সব পক্ষের সঙ্গে চলমান আলোচনা অত্যন্ত সন্তোষজনকভাবে এগিয়ে চলছে। 

বাংলাদেশে এবারের বিশ্বকাপের মূল সম্প্রচারস্বত্ব পেয়েছিল সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেড, যারা বিটিভির কাছে করসহ প্রায় ২০০ কোটি টাকা দাবি করায় প্রথমে চুক্তিটি হয়নি। পরবর্তীতে কোনো দেশীয় ক্রেতা না পেয়ে সিঙ্গাপুরের প্রতিষ্ঠানটি স্বত্ব ছেড়ে দিলে বাংলাদেশ সরকার সরাসরি ফিফার সঙ্গে বিনামূল্যে বা কম খরচে সম্প্রচারস্বত্ব পেতে সরকারের উচ্চপর্যায় থেকে কয়েক দফা সফল আলোচনা শুরু করে।

তথ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আলোচনা চূড়ান্ত হলে বিটিভি সরাসরি বিশ্বকাপ সম্প্রচার করবে এবং বেসরকারি যেসব দেশীয় চ্যানেল খেলা দেখাতে চায়, তারা বিটিভি থেকে সাব-লাইসেন্স বা স্বত্ব গ্রহণ করবে। এদিকে ওটিটি প্ল্যাটফর্ম টফি জানিয়েছে, তারা ইতিমধ্যে বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচারস্বত্ব পেয়েছে, ফলে বাংলালিংক ব্যবহারকারীসহ সব ফুটবলপ্রেমীরা টফিতেও খেলা দেখতে পারবেন। 

উল্লেখ্য, বাংলাদেশের পাশাপাশি ভারত ও চীনের কোটি কোটি সমর্থকও সম্প্রচারস্বত্ব জটিলতায় অনিশ্চয়তায় ছিলেন, তবে সম্প্রতি ফিফা চীনের সিএমজি এবং ভারতের জি এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি সম্পন্ন করে সেই সমস্যার সমাধান করেছে।

বিটিভি সূত্র জানায়, ২০১৮ সালে ‘প্যাকেজ নীতিমালা’-এর আওতায় কোনো খরচ ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার করেছিল রাষ্ট্রীয় এই চ্যানেলটি। তবে ২০২২ সালে এই নীতিমালা বাতিল হয়ে যাওয়ায় সে বছর সরকারের বিশেষ বাজেটের ৯৮ কোটি টাকা খরচ করে সম্প্রচারস্বত্ব কিনতে হয়েছিল। এবারও দীর্ঘ জটিলতা কাটিয়ে আগামী দুই-এক দিনের মধ্যে ফিফার সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে বলে আশা করছে তথ্য মন্ত্রণালয়।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: