কুষ্টিয়ার সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবার ও আত্মীয়-স্বজনদের ওপর একদল উচ্ছৃঙ্খল সন্ত্রাসীর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটির পক্ষ থেকে এই ন্যক্কারজনক হামলায় জড়িত মূল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়েছে।
বুধবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই দাবি জানান।
বিবৃতিতে জামায়াত নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, পরিবারসহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে গত ১ জুন আসরের নামাজের সময় চুয়াডাঙ্গার জীবননগরের হাসাদাহ বাজারে যেভাবে একজন সংসদ সদস্যের পরিবারের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত হেয় প্রতিপন্নকারী এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ।
এই বর্বরোচিত হামলায় দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি ও এমপির শ্যালক আবু বক্কর এবং তাদের গাড়িচালক সাদ্দাম হোসেন মারাত্মকভাবে জখম ও আহত হয়েছেন। এর বাইরে গাড়ির ভেতরে থাকা নারী সদস্যদের সঙ্গেও চরম অশোভন আচরণ ও গালমন্দ করা হয়েছে, যা কোনো সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আরও উল্লেখ করেন যে, প্রকাশ্য দিবালোকে উক্ত এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং তার দুই ছেলে শাহরিয়ার ও রিমনসহ কিছু চিহ্নিত ব্যক্তি এই কাপুরুষোচিত হামলা চালিয়ে সমাজ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা চালিয়েছে।
একজন শীর্ষ জনপ্রতিনিধির পরিবারই যেখানে প্রকাশ্য রাস্তায় নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আজ কোথায় গিয়ে ঠেকেছে, তা সহজেই অনুমেয়। জামায়াতের পক্ষ থেকে অবিলম্বে এই হামলার সঙ্গে সরাসরি জড়িত মূল হোতা মোস্তাক, শাহরিয়ার ও রিমনসহ সব অপরাধীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়েছে।
সময়ের আলো/টিএইচ