কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত : দূতাবাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (৩ জুন) ভয়াবহ ড্রোন হামলায় চারজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এই হামলায় এক বিদেশি নাগরিক নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে কুয়েতের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।
দূতাবাস জানায়, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক সংকটের জেরে সম্প্রতি কুয়েতের আকাশসীমায় একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় আজ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এই ড্রোন হামলার ঘটনা ঘটে। আহত বাংলাদেশিদের চিকিৎসার জন্য কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক খোঁজখবর রাখছে।
আঞ্চলিক এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে কুয়েতে অবস্থানরত সাধারণ বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে মনে করিয়ে দেওয়া হয়, কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী—রকেট বা ড্রোন হামলার ঘটনা কিংবা প্রতিরক্ষা বাহিনীর তা প্রতিহত করার দৃশ্যের ছবি তোলা এবং ভিডিও ধারণ করা দেশটির আইনে মারাত্মক দণ্ডনীয় অপরাধ।
তাই কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার পাশাপাশি এই ধরনের কোনো ছবি বা ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য কঠোর অনুরোধ জানানো হয়েছে।
এদিকে চলমান জরুরি পরিস্থিতির কারণে কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে। এই সংকট মোকাবিলায় কুয়েত প্রবাসী যেসব বাংলাদেশি নাগরিক রক্তদানে সক্ষম, তাদের অবিলম্বে কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দেওয়ার অনুরোধ জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে অন্য প্রবাসীদেরও এই মানবিক কাজে উৎসাহিত করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।