মৌলভীবাজারের জুড়ীতে আকস্মিক বজ্রপাতে চা শ্রমিকদের ১৩টি গরু ও একটি মহিষ মারা গেছে। বুধবার (৩ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুটাই ভ্যালাই এলাকায় এই ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ছয়টি চা শ্রমিক পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই সকালে ছয়জন চা শ্রমিক তাদের গবাদিপশুগুলোকে মাঠে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দিয়েছিলেন। দুপুরের দিকে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় একটি শক্তিশালী বজ্রপাত মাঠের ওই নির্দিষ্ট স্থানে আঘাত হানলে ঘটনাস্থলেই ১৩টি গরু এবং একটি মহিষ মারা যায়।
গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল কাদুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে ছয়জন দরিদ্র চা শ্রমিকের মালিকানাধীন ১৩টি গরু ও একটি মহিষের মৃত্যু হয়েছে। আকস্মিক এই ক্ষতিতে পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে।
ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। এছাড়া স্থানীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এবং তাদের সহায়তা করার আশ্বাস দিয়েছেন বলে ইউপি চেয়ারম্যান উল্লেখ করেন।
সময়ের আলো/জোই