আওয়াজ আছে, আওয়াজ নেই!

মাসুদুর রহমান

আনন্দ সময়

এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ৯টি সিনেমা। সেগুলো হলো রকস্টার, রইদ, মালিক, মাসুদ রানা, বনলতা সেন, অফিসার, তছনছ, পিনিক এবং

2026-06-04T03:32:43+00:00
2026-06-04T03:32:43+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আনন্দ সময়
ঈদের সিনেমা
আওয়াজ আছে, আওয়াজ নেই!
মাসুদুর রহমান
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:৩২ এএম   (ভিজিট : ৫)
ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’। ছবি : সংগৃহীত
এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ৯টি সিনেমা। সেগুলো হলো রকস্টার, রইদ, মালিক, মাসুদ রানা, বনলতা সেন, অফিসার, তছনছ, পিনিক এবং ইউনিভার্সিটি অব চানখাঁরপুল। সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স মিলিয়ে ১৮০ হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাগুলো। এতগুলো সিনেমা মুক্তি পেলেও জমে ওঠেনি সিনেপাড়া। ‘রকস্টার’, ‘রইদ’, ‘মালিক’ ও ‘বনলতা সেন’ ছাড়া অন্য সিনেমাগুলো নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে না। ঈদের সিনেমাগুলো নিয়ে লিখেছেন মাসুদুর রহমান

সর্বাধিক হলে শাকিব খানের ‘রকস্টার’
বরাবরের মতো এবারের ঈদেও সর্বাধিক হলে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা। তার অভিনীত মিউজিক্যাল ফিল্ম ‘রকস্টার’ নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে। ঈদের প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শক টানছে সিনেমাটি। রোমান্স, মিউজিক ও ভিন্নধর্মী অ্যাকশন ধাঁচের এই সিনেমা ঘিরে দর্শকের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। শাকিব খানের নতুন ‘রক লুক’, স্টাইলিশ অ্যাকশন এবং সিনেমার চমৎকার মিউজিক সবার মন ছুঁয়েছে। আজমান রুশো পরিচালিত এই সিনেমায় একজন রকস্টারের জীবনযুদ্ধ দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। একটি বিশেষ চরিত্রে দেখা গেছে ভারতের কণ্ঠশিল্পী সুনিধি নায়েককে। তবে সিনেমাটিতে শাকিব খানের অভিনয়ের প্রশংসা করলেও গল্প ও চিত্রনাট্য নিয়ে হতাশা প্রকাশ করেছেন কেউ কেউ। মাল্টিপ্লেক্স ও সাধারণ হল মিলিয়ে মোট ১০৩টি প্রেক্ষাগৃহে চলছে ‘রকস্টার’।
 
মুগ্ধতা ছড়াচ্ছে ‘বনলতা সেন’
কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা অবলম্বনে ‘বনলতা সেন’ নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। সরকারি অনুদানের সিনেমাটি চলছে আটটি মাল্টিপ্লেক্সে। মুক্তির প্রথম দিকে ভালো সাড়া ফেলে সিনেমাটি। ঈদের দ্বিতীয় দিন টিকেট না পাওয়ার ঘটনা ঘটলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভাটা পড়ে। ‘বনলতা সেন’ ততটা দর্শক না টানলেও এর নির্মাণশৈলী ও সিনেমাটোগ্রাফি দর্শকদের মুগ্ধ করছে। একই সঙ্গে বাপ্পা মজুমদারের সুর ও সংগীত পরিচালনায় এই সিনেমার গান ও আবহসংগীত প্রশংসিত হচ্ছে দর্শক মহলে। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা এবং কবি জীবনানন্দ দাশের চরিত্রে রয়েছেন খায়রুল বাসার। তাদের অভিনয় ও পর্দার রসায়ন দর্শক মহলে ব্যাপক সমাদৃত হচ্ছে। এই সিনেমায় আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়তী উর্বি, রুপন্তি আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি। 

জটিল গল্পের ‘রইদ’  
মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমাটি মূলত সিনেপ্লেক্সকেন্দ্রিক মুক্তি পেলেও চলচ্চিত্রমহল এবং সাধারণ দর্শকের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে। তবে চমৎকার মেকিং, ভিজ্যুয়াল ও অভিনয় প্রশংসা পেলেও অনেকের কাছে গল্প জটিল ও দুর্বোধ্য মনে হয়েছে। কারণ এটি মূলত আদম ও হাওয়ার আদিম আখ্যানের ওপর ভিত্তি করে নির্মিত একটি মেটাফোরিক্যাল রহস্যধর্মী ফ্যামিলি ড্রামা। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। আরও রয়েছেন গাজী রাকায়েত এবং আহসাবুল ইয়ামিন রিয়াদ। স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাসসহ দেশের প্রধান মাল্টিপ্লেক্সগুলোতে ভালো ব্যবসা করছে সিনেমাটি। 

মিশ্র প্রতিক্রিয়ায় ‘মাসুদ রানা’ 
শুধু মাল্টিপ্লেক্সের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সৈকিত নাসিরের ‘মাসুদ রানা’। কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ‘মাসুদ রানা’ নিয়ে দর্শকের মধ্যে বেশ কৌতূহল দেখা গেছে। মুক্তির পরপর একাধিক শো হাউসফুল গেলেও সিনেমাটি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গল্পের অসামঞ্জস্যতা ও এআই ব্যবহারের দুর্বলতা নিয়ে সমালোচনায় পড়েছে সিনেমাটি। সমালোচকদের মতে, দীর্ঘ সময় ধরে নির্মাণকাজ চললেও কিছু জায়গায় চেনা ঢালিউড বাণিজ্যিক ধারার প্রভাব পরিলক্ষিত হয়েছে। একই সঙ্গে কিছু দর্শক সিনেমাটিকে নতুন ধরনের প্রয়াস হিসেবেও দেখছেন। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। ‘মাসুদ রানা’য় অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরি ও সৈয়দা তিথি অমি।


‘পিনিক’-এ হতাশ দর্শক
অল্পসংখ্যক হলে প্রদর্শিত হচ্ছে আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত ‘পিনিক’। মনস্তাত্ত্বিক থ্রিলার ও অ্যাকশন ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। মুক্তির আগে পোস্টার, আইটেম গান এবং ট্রেলারে যতটা আলোচনায় ছিল, প্রেক্ষাগৃহে আসার পর ততটা সাড়া মেলেনি সিনেমাটিতে। দর্শকের প্রতিক্রিয়া সন্তোষজনক নয়। এ জন্য ‘পিনিক’ সিনেমার প্রচারে প্রধান অভিনয়শিল্পীদের অনুপস্থিতি নিয়ে প্রযোজকের অসন্তোষ দেখা গেছে।

প্রত্যাশা পূরণে ব্যর্থ ‘মালিক’
‘মালিক’ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ সময় পর পর্দায় জুটি হয়ে ফিরেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। মুক্তির আগে সিনেমাটি বেশ আলোচনায় থাকলেও প্রেক্ষাগৃহে আসার পর দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেনি। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমার নির্মাণ, দুর্বল গল্প ও চিত্রনাট্য নিয়ে সমালোচনা চলছে বেশ জোরেশোরে। সিনেমার প্রধান চরিত্রে অ্যাকশন লুকে হাজির হলেও দর্শকের মন ভরাতে পারেনি শুভ। তবে হলের সংখ্যা ও দর্শকের উপস্থিতির বিচারে রকস্টারের পরের স্থানেই রয়েছে ‘মালিক’। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ৩২টি হল পেয়েছে সিনেমাটি। এর কয়েকটি শো-ই এরই মধ্যে হাউসফুল গেছে বলে জানা গেছে। 

এছাড়া বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’,  ডি এ তায়েবের ‘অফিসার’ ও  আকাশ হকের ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমা নামে মাত্র মুক্তি পেয়েছে। এই সিনেমা তিনটি দর্শক সংকটে পড়েছে বলে জানা গেছে।

প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, এবারের ঈদের ব্যবসা মন্দের ভালো বলা যায়। দর্শকের প্রতিক্রিয়াই সব বলে দিচ্ছে। এতটা মিশ্র প্রতিক্রিয়া আগে খুব কমই দেখা গেছে। এ ঈদের বক্স অফিস জমে নাই।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, একসঙ্গে এতগুলো সিনেমা মুক্তি এবং সীমিত প্রেক্ষাগৃহের কারণে এবারের ঈদের ব্যবসা প্রত্যাশা অনুযায়ী হয়নি।

সময়ের আলো/আআ


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: