দক্ষিণ লেবাননে একটি অবস্থান লক্ষ্য করে চালানো মর্টার হামলায় জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা বাহিনীর (ইউনিফিল) এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে দক্ষিণ লেবাননের মারজায়ুন এলাকার কাছে এই ঘটনা ঘটে।
ইউনিফিল এক বিবৃতিতে জানিয়েছে, ভোররাতে আকস্মিক মর্টার হামলার মুখে পড়ে শান্তিরক্ষীদের একটি অবস্থান। এতে এক শান্তিরক্ষী গুরুতরভাবে আহত হন এবং পরবর্তীতে তিনি মারা যান। তবে নিহত শান্তিরক্ষী কোন দেশের নাগরিক বা এই হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে বিবৃতিতে সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই একই মর্টার হামলায় জাতিসংঘের আরও দুই শান্তিরক্ষী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ইসরায়েল ও লেবানন সীমান্তে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই শান্তিরক্ষী বাহিনীর ওপর এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল।
/কহু