গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনি দিয়ে ৩ জনকে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সফিপুর-বড়ইবাড়ি আঞ্চলিক সড়কের সিনাবহ বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
আটককৃতরা হলেন- তানজিরুল (২২), গোলাম মোস্তফা (৫০) ও আল আমিন (৩২)। এ সময় ট্রাকের ভেতরে থাকা একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে তিনটি গরু নিয়ে একটি ট্রাক বেপরোয়া গতিতে সফিপুর-বড়ইবাড়ি আঞ্চলিক সড়ক দিয়ে পাইকপাড়া এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে সিনাবহ বাজার এলাকায় পৌঁছালে সন্দেহবশত স্থানীয়রা ট্রাকটির গতিরোধ করে। এ সময় চালক ও হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করে স্থানীয় লোকজন। পরে গণপিটুনি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে গ্রামবাসী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৩ জনকে আটক করে। একইসঙ্গে ৩টি গরু ও একটি ট্রাক জব্দ করে। তারপর আটককৃতদের তথ্য অনুযায়ী বড় কাঞ্চনপুর এলাকা থেকে আরও দুটি চোরাই গরু উদ্ধার করে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম পিপিএম বার জানান, এদের সঙ্গে আরও চোর চক্রের সদস্যরা জড়িত রয়েছে কী না তা তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/মহু