আবাসিক গ্রাহকদের লাইফলাইন (০-৫০ ইউনিট) এবং প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) ক্ষেত্রে বিদ্যুতের খুচরা মূল্যহার বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্তটি একদিনের ব্যবধানে প্রত্যাহার করা হয়েছে। বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিসমূহের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার এই বর্ধিত মূল্যহার কার্যকর না করে পূর্বের মূল্যহার বহাল রাখার ঘোষণা দিয়েছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি গত ৩ থেকে ৬ মে ২০২৬ তারিখে বিদ্যুতের দাম পুনর্নির্ধারণের জন্য প্রস্তাব জমা দেয়। উক্ত প্রস্তাবের ওপর গণশুনানি গ্রহণপূর্বক বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে গত ০৩ জুন ২০২৬ তারিখে বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ করে একটি আদেশ জারি করা হয়েছিল।
কমিশনের ওই আদেশে আবাসিক গ্রাহকশ্রেণিভুক্ত লাইফলাইন (০-৫০ ইউনিট) এর মূল্যহার প্রতি কিলোওয়াট-ঘণ্টায় ৪.৬৩ টাকা থেকে ০.৬৯ টাকা বৃদ্ধি করে ৫.৩২ টাকা করা হয়েছিল। একই সাথে আবাসিক প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) মূল্যহার প্রতি কিলোওয়াট-ঘণ্টায় ৫.২৬ টাকা থেকে ০.৯২ টাকা বৃদ্ধি করে ৬.১৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
তবে ৩ জুনের আদেশে অন্তর্ভুক্ত এই পুনর্নির্ধারিত মূল্যহার পুনর্বিবেচনার জন্য আজ বৃহস্পতিবার বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিসমূহ কমিশনের কাছে পুনরায় আবেদন জানায়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে কমিশন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এবং বাংলাদেশ বিদ্যুৎ বিতরণ (খুচরা) ট্যারিফ প্রবিধানমালা, ২০২৬ এর প্রবিধান ১৩(৩) অনুসারে বর্ধিত মূল্যহার কার্যকর না করার সিদ্ধান্ত গ্রহণ করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহকদের সুবিধার্থে এই দুই স্তরের জন্য পূর্বের মূল্যহারই বহাল রাখা হয়েছে।
এর ফলে সকল বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির আবাসিক গ্রাহকশ্রেণির অন্তর্ভুক্ত লাইফলাইন (০-৫০ ইউনিট) এর এনার্জি রেট বা চার্জ ৪.৬৩ টাকা/কি.ও.ঘ এবং আবাসিক প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) এনার্জি রেট বা চার্জ ৫.২৬ টাকা/কি.ও.ঘ-ই বহাল থাকছে, যা বিল মাস জুন ২০২৬ থেকে কার্যকর হবে। এই সংশোধনের ফলে ০৩ জুন ২০২৬ তারিখে পুনর্নির্ধারিত খুচরা বিদ্যুৎ মূল্যহারের ভারিত গড় (Weighted Average) ১০.৬৩ টাকা/কি.ও.ঘ. থেকে ০.২৩ টাকা/কি.ও.ঘ. হ্রাস পেয়ে ১০.৪০ টাকা/কি.ও.ঘ.-এ দাঁড়াবে।
বিইআরসি-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত বাতিলের ফলে বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিসমূহের প্রত্যাশিত আয় কমবে। এর ফলে সৃষ্ট আর্থিক ঘাটতি সরকারকে অতিরিক্ত ভর্তুকি প্রদানের মাধ্যমে সমন্বয় করতে হবে।
আরবিএন