দেশের সাইবার নিরাপত্তা খাতে দক্ষ জনবল গড়ে তোলা এবং জাতীয় সক্ষমতা বৃদ্ধি করতে আন্তর্জাতিক আয়োজন ‘ফিনিক্স সামিট ২০২৬’ আগামী ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে। দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) এ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
পাঁচ দিনব্যাপী এ সামিটের টেকনিক্যাল ওয়ার্কশপগুলো কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) তে এবং মূল সম্মেলন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি) তে অনুষ্ঠিত হবে। গতকাল (৩ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে শক্তিশালী করতে দক্ষ জনবল তৈরি, অংশীজনদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং ডিজিটাল স্থিতিশীলতা নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম শামীম রেজা, দ্য টিম ফিনিক্স গ্রুপের ডিরেক্টর (অপারেশনস অ্যান্ড কমিউনিটি) দিহান ইসলাম অলিফ এবং অ্যাডভাইজর (স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন) মো. আবদুল্লাহ ফরিদ।
পাওয়ার্ড বাই ব্র্যাক ব্যাংক পিএলসি আয়োজিত এ সামিটে সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার নিরাপত্তা পেশাজীবীদের একত্রিত করা হবে বলে জানানো হয়। এতে সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ)সহ বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠান।
তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ সিরিজে বিশ্বের খ্যাতনামা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নেবেন। এতে অংশগ্রহণকারীরা প্র্যাকটিক্যাল সাইবার ইনভেস্টিগেশন, ডেভসেকঅপস ফর প্র্যাকটিশনারস, অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যান্ড ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট এবং র্যানসমওয়্যার লাইফসাইকেলের জন্য ডিফেন্সিভ ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
ওয়ার্কশপগুলো ২৩ থেকে ২৫ জুন কেআইবি’তে অনুষ্ঠিত হবে। এরপর ২৬ ও ২৭ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি কনফারেন্স, যেখানে দেশি-বিদেশি নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ, শিল্পখাতের প্রতিনিধি এবং সাইবার নিরাপত্তা পেশাজীবীরা অংশ নেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন স্বপন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বিশেষ অতিথি এবং আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম শামীম রেজা বলেন, সাইবার সিকিউরিটি এখন আর কেবল প্রযুক্তিগত বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও ডিজিটাল সার্বভৌমত্বের বিষয়। ফিনিক্স সামিট ২০২৬-এর মাধ্যমে সরকার, শিল্পখাত ও একাডেমিয়াকে একত্রিত করে দক্ষ মানবসম্পদ তৈরি এবং বাংলাদেশের অবস্থানকে বৈশ্বিক পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।
আরবিএন