সাবেক মেয়র আইভীর বাড়ির রাস্তায় পুলিশের সিসি ক্যামেরা স্থাপন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। সেখানে সিসি ক্যামেরা ও আধুনিক ক্লোজ

2026-06-04T23:06:33+00:00
2026-06-04T23:07:02+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
সাবেক মেয়র আইভীর বাড়ির রাস্তায় পুলিশের সিসি ক্যামেরা স্থাপন
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:০৬ পিএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ১১:০৭ পিএম  (ভিজিট : ১৭)
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। সেখানে সিসি ক্যামেরা ও আধুনিক ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশের টহলও দেখা গেছে।

জেলা পুলিশ জানিয়েছে, সাবেক এ সিটি মেয়রের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো দলীয় কর্মসূচিতে অংশ নেন কি না, সে বিষয়ে খোঁজখবর রাখতেই অতিরিক্ত নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা ১২টি মামলায় প্রায় ১৩ মাস কারাভোগের পর বুধবার রাত ১০টার দিকে তিনি মুক্তি পান। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পাওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে তিনি নারায়ণগঞ্জের দেওভোগে নিজ পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’ ফেরেন। বাড়ি ফেরার পথে তিনি নগরীর মাসদাইর কেন্দ্রীয় সিটি কবরস্থানে বাবা, মা ও ভাইয়ের কবর জিয়ারত করেন।

আইভীর মুক্তি ও বাড়ি ফেরাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়। বিপুলসংখ্যক পুলিশ সদস্য রাতভর তার বাড়ির সামনেও অবস্থান নেন। স্থানীয়দের দাবি, রাতেই পুলিশের তত্ত্বাবধানে আইভীর বাড়ির সামনে ও আশপাশের সড়কে সিসি ক্যামেরা স্থাপন করা হয়।

আইভীর বাড়ির সামনের সড়কে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়ে তার বাড়িতে ফিরেছেন। যেহেতু তিনি একজন সাবেক মেয়র, তাই তার নিরাপত্তার বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। পাশাপাশি তিনি নিজে নিষিদ্ধ সংগঠনের (মানবতাবিরোধী অপরাধে নিষিদ্ধ আওয়ামী লীগ) কোনো কার্যক্রমে জড়িয়ে না পড়েন কিংবা তার পক্ষে কেউ যাতে উসকানি দিতে না পারে, সেটিও আমাদের নজরদারিতে রয়েছে। এ কারণে সাদা পোশাকেও ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে আইভীর মুক্তির পর বৃহস্পতিবার সকাল থেকে তার আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠজনরা চুনকা কুটিরে আসতে শুরু করেন। তবে আইভীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রশাসনিক চাপ ও নিরাপত্তাজনিত কারণে বাড়িতে আগত লোকজনের সংখ্যা সীমিত রাখার চেষ্টা করা হচ্ছে। এরপরও বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার খোঁজখবর নিতে আসছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৮ আগস্ট সারাদেশের সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে সেলিনা হায়াত আইভীকেও দায়িত্ব থেকে অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার।

আরবিএন 


  বিষয়:   নারায়ণগঞ্জ সিটি করপোরেশন  সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: