পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭ জুন দুইদিনের রাশিয়া সফরে যেতে পারেন। আসন্ন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের বাইরে ভূ-রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা গুরুত্ব পাবে। উল্লেখ্য যে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পারমাণবিক প্রযুক্তি ও জ্বালানি কোম্পানি রোসাটম, যা রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন, বাংলাদেশে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রোসাটমের কারিগরি ও আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচনে জয়লাভ করায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে এক বার্তা প্রকাশ করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তায় বলেছে, গত ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনটি সেপ্টেম্বরে শুরু হবে। গোপন ব্যালটের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন।
বার্তায় আরো বলা হয়, রাশিয়ায় খলিলুর রহমান একজন অত্যন্ত সফল পেশাদার, ভারসাম্যপূর্ণ ও বাস্তববাদী রাজনীতিবিদ এবং কূটনীতিক হিসেবে পরিচিত। এমন এক সময়ে যখন বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন, তখন তার ব্যাপক অভিজ্ঞতা, আন্তর্জাতিক প্রক্রিয়া সম্পর্কে গভীর জ্ঞান এবং নিরপেক্ষভাবে কাজ করার ও সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে কাজ করার অঙ্গীকার বিশেষভাবে মূল্যবান। মস্কো নবনির্বাচিত সভাপতিকে স্বাগত জানায় যে তিনি গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা দ্রুত অর্জন, সাধারণ পরিষদের কার্যকারিতা বৃদ্ধি এবং বৃহত্তর অর্থে, আন্তর্জাতিক বিষয়ে জাতিসংঘের কেন্দ্রীয় সমন্বয়কারী ভূমিকা পুনরুদ্ধারে সহায়তা করার প্রচেষ্টাকে অগ্রাধিকার দেবেন।
আসন্ন সফর সম্পর্কে বার্তায় বলা হয়, রাশিয়ার পক্ষ থেকে খলিলুর রহমানের সাথে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যাশা করা হচ্ছে, যার মধ্যে ২০২৬ সালের ৭-৯ জুন তারিখে রুশ ফেডারেশনে তার সরকারি সফরও অন্তর্ভুক্ত থাকবে।
সময়ের আলো/জেডআই