বিশ্বকাপের বিমান ধরার ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেল নেদারল্যান্ডস। ডাচদের চেনা আঙিনাতেই তাদের স্তব্ধ করে দিয়ে মাঠ ছাড়ল আলজেরিয়া। রোমাঞ্চকর এক প্রস্তুতি ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয় গোলে ডাচদের হারিয়ে বিশ্বকাপের ঠিক আগে নিজেদের শক্তির জানান দিল আফ্রিকান প্রতিনিধিরা।
আলজেরিয়ার এই জয় যেমন আগামী ১৪ জুন জাপানের বিপক্ষে নামার আগে ডাচ শিবিরে দুশ্চিন্তার ভাঁজ ফেলল, তেমনি গ্রুপপর্বে তাদের প্রথম প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও যেন আগাম এক সতর্কবার্তা দিয়ে রাখল।
ম্যাচজুড়ে আক্রমণ আর পাল্টা আক্রমণের পসরা সাজালেও ডেডলক ভেঙেছে কেবল একবারই। ম্যাচের ৮৬ মিনিটে আলজেরিয়াকে সেই কাক্সিক্ষত উল্লাসের উপলক্ষ এনে দেন আনিস হাজ মুসা। ডানপ্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি এক বুলেট গতির শটে জাল কাঁপান এই ২৪ বছর বয়সি উইঙ্গার। ক্লাব ফুটবলে যিনি খেলেন ডাচ জায়ান্ট ফেনুর্ডের হয়ে, সেই চেনা আঙিনাতেই আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলে দেশকে এনে দেন এক স্মরণীয় জয়।
তবে ডাচদের রুখে দেওয়ার আসল নায়ক গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী হয়ে ছিলেন ফ্রান্সে জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। পুরো ম্যাচে আলজেরিয়ার গোলমুখে ১৪টি শট নেয় নেদারল্যান্ডস, যার মধ্যে ৫টি ছিল অন-টার্গেট। কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা যেন এদিন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন, ডাচদের প্রতিটি আক্রমণই নস্যাৎ করে দেন তিনি।
গত এপ্রিলে মুখে চোট পাওয়ায় এদিন ফেসিয়াল মাস্ক পরে মাঠে নেমেছিলেন লুকা। আলজেরিয়ার মূল একাদশে জায়গা পাওয়া নিয়ে যে লড়াই চলছিল, এই অতিমানবীয় পারফরম্যান্সের পর বিশ্বকাপের মূল মঞ্চে কোচের প্রথম পছন্দ হিসেবে তার টিকেট পাকা বলাই চলে।
এই আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বজয়ের মুকুট ধরে রাখার মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাই আর্জেন্টিার জন্য চিন্তার বড় কারণ হতে পারে এই আলজেরিয়া। গ্রুপ ‘ডি’তে তাদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। বিশ্বকাপের বিমান ধরার ঠিক আগে এই হার নেদারল্যান্ডস শিবিরের জন্য এক বিরাট ধাক্কা।
কোচ স্কোয়াডের গভীরতা পরখ করতে ঘুরিয়ে-ফিরিয়ে অনেক ফুটবলারকে সুযোগ দিলেও এই পরাজয়কে ‘ওয়েক-আপ কল’ বা জেগে উঠার ডাক হিসেবে দেখছেন ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক। তিনি বলেন, ‘দেশ ছাড়ার আগে এমন পারফরম্যান্স মোটেও কাম্য ছিল না।
এই ম্যাচে প্রথমার্ধেই আমাদের অন্তত ২-০ ব্যবধানে এগিয়ে থাকা উচিত ছিল। আশা করি আমরা দ্রুতই নিজেদের চেনা ধার ফিরে পাব এবং সুযোগগুলো কাজে লাগাতে পারব। ইতিবাচক দিক হলো অনেকেই ম্যাচ টাইম পেয়েছে, তবে আমরা তো আর হারার জন্য মাঠে নামি না।’
যুক্তরাষ্ট্রে পৌঁছে বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস, যেখানে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান। আগামী ১৪ জুন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ডাচদের বিশ্বকাপ অভিযান। অন্যদিকে আত্মবিশ্বাসী থাকা আলজেরিয়া বিশ্বকাপের আগে তাদের শেষ প্রস্তুতি ম্যাচে আগামী বুধবার মাঠে নামবে বলিভিয়ার বিপক্ষে।