ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ক্যারিয়ারের শুরুর দিকে রোমান্টিক গল্পে নিয়মিত অভিনয় করলেও কয়েক বছরে ধরে সেই গণ্ডি পেরিয়ে চরিত্রে এনেছেন বৈচিত্র্য। মূলত শক্তিশালী গল্প ও চরিত্রের বাইরে অভিনয় করছেন না তিনি। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে ভিন্নধর্মী দুটি কাজ নিয়ে হাজির হয়েছেন এই অভিনেত্রী। একটি নাটক, অন্যটি ওয়েব ফিল্ম। দুটি কাজই প্রশংসিত হচ্ছে দর্শকদের কাছে।
এর মধ্যে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত মাহমুদ মাহিনের রচনা ও পরিচালনায় ‘প্রতিশোধ’ নাটকে দেখা গেছে তিশাকে। এতে মারজান নামের এক তরুণীর চরিত্রে তিশার অভিনয় দর্শকদের মন ছুঁয়েছে।
নাটকের গল্পে বিদেশে পড়ালেখা শেষ করে রাফায়েল দেশে ফিরে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে সিইও পদে আবেদন করেন। কিন্তু মারজানের হাতে অপমানিত হয় এই তরুণ। ক্ষোভ থেকে রাফায়েল প্রতিদ্বন্দ্বী অন্য একটি গ্রুপে যোগ দেন। এরপর শুরু হয় দুই প্রতিষ্ঠানের মধ্যকার ক্ষমতার লড়াই ও প্রতিশোধের অধ্যায়।
একপর্যায়ে দুই কোম্পানি একীভূত হয়ে নতুন কাঠামো তৈরি করে যেখানে মারজান এমডি এবং রাফায়েল সিইও হিসেবে দায়িত্ব নেয়। এরপর গল্প এগিয়ে যায় প্রতিদ্বন্দ্বিতা এবং অতীত প্রেমের রহস্যকে কেন্দ্র করে, যা শেষ পর্যন্ত নতুন মোড় নেয়। নাটকটিতে তিশার বিপরীতে রাফায়েল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।
অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে প্রচারিত হয়েছে তিশা অভিনীত রহস্যময় থ্রিলার গল্পের ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’। ফিল্মস্টার ইমতিয়াজ খানের বিয়ের ঘোষণার রাতেই অ্যাক্সিডেন্ট হয় রাশা নামের এক তরুণী। কেউ কেউ বলে রাশা আসলে করতে চেয়েছে আত্মহত্যা। কারণ ইমতিয়াজের সঙ্গে রাশার ছিল গোপন কোনো সম্পর্ক। বিনোদন সাংবাদিক নাদিয়া এ নিয়ে প্রশ্ন করতে গেলে ঘটে বিপত্তি- তার ওপর আসে হত্যার হুমকি। নাদিয়া বুঝতে পারে যা চোখের সামনে দেখা যাচ্ছে তার চেয়েও বড় কোনো ঘটনা ঘটছে ভেতরে ভেতরে।
লুকোচুরি খেলছে আশপাশের প্রতিটি চরিত্র। মরতে মরতে বাঁচে রাশা, ওদিকে নাদিয়াকে দাঁড়াতে হয় মৃত্যুর মুখোমুখি। জীবন নাকি মৃত্যু?- এমন রহস্যঘেরা গল্প দেখানো হয়েছে ‘হাইড এন সিক’ ওয়েব ফিল্মে। আহমেদ খান হীরকের গল্প ও চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। এই ফিল্মে বিনোদন সাংবাদিক নাদিয়ার চরিত্রে তিশার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়েছে।
‘হাইড এন সিক’ ওয়েব ফিল্মে তিশা ছাড়াও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দিঘী, চমক ও জিয়াউল রোশান। রয়েছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকারসহ আরও অনেকে।
তিশা ভাষ্য, এখন দর্শক শুধু রোমান্টিক গল্পে সীমাবদ্ধ থাকতে চান না বরং ভিন্নধর্মী গল্প ও চরিত্রে আগ্রহ বাড়ছে। নির্মাতারাও সেই বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছেন বলেই অভিনয়ের নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। তাই পছন্দের বাইরে কাজ করা হচ্ছে না। বৈচিত্র্যময় চরিত্রে কাজ করলেও নারীকেন্দ্রিক গল্প ও শক্তিশালী নারী চরিত্র বেশি আকৃষ্ট করছে।
এদিকে ছোটপর্দার ব্যস্ততার মধ্যেই বড়পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিশা। ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের সঙ্গে তার প্রথম চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে।
/কেএইচও