সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় স্বামী-স্ত্রী ও অটোভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি বাস এনায়েতপুরের দিকে যাচ্ছিল। পথে মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, বেলকুচি উপজেলার আজগড়া গ্রামের ফজিলা খাতুন (৪৫), তার স্বামী মোতালেব সরকার (৫৫) এবং জামতৈল এলাকার অটোভ্যানচালক নুরু (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/আআ