রংপুরের মানুষ শ্যামাসুন্দরী খাল পুনরুদ্ধারের দাবিতে একত্রিত হয়েছে।
শনিবার (৬ জুন) রংপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় শ্যামাসুন্দরী খালের পুনরুদ্ধারের জোরালো দাবি তুলে বক্তারা। এ কর্মসূচিতে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা নিয়েও কথা হয়।
‘প্রকৃতির অনুপ্রেরণায় জলবায়ুর জন্য ও আমাদের ভবিষ্যতের জন্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাপা রংপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শামিমা আক্তার শিরিন। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব রশিদুস সুলতান বাবলু।
সভায় বক্তব্য দেন এটিএন বাংলা রংপুর অফিস প্রধান কবি মাহবুবুল আলম, বাপার যুগ্ম আহ্বায়ক অধ্যাপক রুমানা জামান, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. বেলাল, বাংলাদেশ মহিলা পরিষদ রংপুরের সভাপতি মাহাবুবা আরা লিনা, ডাস রংপুরের নির্বাহী পরিচালক চান মিয়া, মহিলা নেত্রী সমসেরা আরা বিলকিস প্রমুখ।
বক্তারা বলেন, ‘শ্যামাসুন্দরী খাল রংপুর নগরীর প্রাণ। দীর্ঘদিন ধরে দখল, দূষণ ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে খালটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরীর জীববৈচিত্র্য সংরক্ষণে খালটির দখলমুক্তকরণ ও যথাযথ পুনঃখনন জরুরি।’
তারা অবিলম্বে শ্যামাসুন্দরী খালের সকল অবৈধ দখল উচ্ছেদ, পরিকল্পিত পুনঃখনন এবং খালকেন্দ্রিক পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের দাবি জানান। একইসঙ্গে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করে মানববন্ধন কর্মসূচি সমাপ্ত হয়।
/মহু