প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৭:৩১ পিএম আপডেট: ০৬.০৬.২০২৬ ৯:০২ পিএম
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে পুশইন ব্যর্থ, আরও ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ। ছবি : সংগৃহীত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের একটি প্রচেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিহত করেছে। পরে সীমান্ত এলাকায় অবস্থানরত ২৮ জন ব্যক্তিকে বিএসএফ ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বলে ধারণা করছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬-আর পিলার সংলগ্ন এলাকায় বিএসএফের সদস্যরা সীমান্তের ফ্লাডলাইট বন্ধ করে দেয়। এ সময় ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশুসহ মোট ২৮ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং সীমান্তে অনুপ্রবেশের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। পরদিন সকালে ওই ব্যক্তিদের নিয়ে আবারও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে উভয় বাহিনীর মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি জানিয়েছে, বৈঠকে বিএসএফ প্রতিনিধিরা ঘটনাটি নিয়ে আলোচনা করলেও তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানায়নি। পরে সীমান্ত এলাকায় অবস্থানরত ব্যক্তিদের আর দেখা যায়নি।
শনিবার (৬ জুন) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্তের শূন্য রেখার কাছাকাছি অবস্থান করা ব্যক্তিদের বর্তমানে আর দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বলে জানানো হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে যে-কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সময়ের আলো/জেডি