গ্রামের দুই প্রভাবশালী পরিবারের বৈরিতা কেন্দ্র করে নির্মিত ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনের পর্দায় এটি প্রচার হচ্ছে। আজ প্রচার হবে নাটকটির ১০০তম পর্ব।
ধারাবাহিকের গল্পটি এগিয়েছে উত্তরবঙ্গের একটি বর্ধিষ্ণুগ্রাম নিয়ে। যেখানে ‘বিশ্বাস’ ও ‘সরদার’ পদবির দুই পরিবারের পাশাপাশি বসবাস। তাদের মধ্যে নেই প্রতিবেশীসুলভ কোনো আচরণ বরং বছরের পর বছর ধরে চলছে চরম বৈরিতা। এক বাড়ির যেকোনো প্রকার ক্ষতির কারণ অন্য পরিবারের জন্য আনন্দের অনুষঙ্গ। দুই পরিবারের সদস্যদের সবসময় চেষ্টা থাকে যেকোনো দুর্বলতা কাজে লাগিয়ে প্রতিপক্ষ ঘায়েল করা। দুই পরিবারের দ্বন্দ্বটা এমন এক অসুস্থ পর্যায়ে পৌঁছে গেছে, নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ করতেও তারা পিছপা হয় না।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য লিজা, তাবাসসুম মিথিলা, জাবেদ গাজী, মাসুম বাশার, শিরিন আলম প্রমুখ।
আরবিএন