রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় আরও এক ধাপ সুবিধা যুক্ত হলো মেট্রোরেলে। যাত্রীদের বাড়তি চাহিদা বিবেচনায় মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রিপ আরও দেরিতে চলবে। ফলে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, নতুন সময়সূচির আওতায় একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হয়েছে। এতে করে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী শেষ ট্রেন চলবে রাত ১০টা ৩০ মিনিটে।
আরও পড়ুন
আগের সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে যাত্রা শেষ করত। নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ায় উভয় দিক থেকেই শেষ ট্রেন ২০ মিনিট বেশি সময় চলবে।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন–৬)-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী জানান, যাত্রীদের চাপ ও চাহিদা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, ‘একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত হওয়ায় রাতের সেবা সময়ও বৃদ্ধি করা হয়েছে।’
উল্লেখ্য, দেশের প্রথম মেট্রোরেল ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ধাপে ধাপে নতুন স্টেশন যুক্ত হয়ে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত পূর্ণ রুটে যাত্রীসেবা চালু হয়।
এএডি/