যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি জনাকীর্ণ সড়ক উৎসবের কাছে দুই পক্ষের মধ্যে আকস্মিক ও ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গোলাগুলির শব্দে উৎসবমুখর পরিবেশ মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়; প্রাণভয়ে সাধারণ মানুষ দিগ্বিদিক ছুটে পালাতে শুরু করেন এবং অনেকে আহতদের রক্ষার্থে এগিয়ে আসেন।
স্থানীয় সময় শনিবার (৬ জুন) ওহাইও’র টলেডো শহরের ঐতিহ্যবাহী ‘ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যাল’ প্রাঙ্গণের অদূরে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। লাইভ মিউজিক ও কনসার্টসহ নানা আয়োজনে মুখরিত এই বাৎসরিক উৎসবে তখন হাজারো মানুষের সমাগম ছিল।
টলেডো শহরের ডেপুটি পুলিশ চিফ জো হেফার্নান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এটি কোনো পরিকল্পিত গণ-হত্যাকাণ্ডের চেষ্টা ছিল না, বরং অন্তত দুইজন সশস্ত্র ব্যক্তি নিজেদের লক্ষ্য করে ‘একে অপরের ওপর’ গুলি চালিয়েছিল। ঘটনার বেশ কয়েক ঘণ্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ প্রশাসন উৎসবে আসা সাধারণ মানুষকে তাদের মুঠোফোনে ধারণকৃত ছবি বা ভিডিও ক্লিপ দিয়ে তদন্তে সহায়তা করার জোর আহ্বান জানিয়েছে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধদের বয়স ১৪ থেকে ৬১ বছরের মধ্যে। তবে আক্রান্তদের সিংহভাগেরই বয়স ২০ বছরের কোঠায়। আকস্মিক এই হামলায় ক্ষোভ প্রকাশ করে ওহাইও’র গভর্নর মাইক ডিওয়াইন এক বিবৃতিতে বলেন, টলেডোর এই ন্যাক্কারজনক ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। গ্রীষ্মকালীন এই উৎসবগুলো হওয়া উচিত ছিল সপরিবারে আনন্দঘন সময় কাটানোর নিরাপদ স্থান, সহিংসতার চারণভূমি নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, মুহুর্মুহু গুলির শব্দে সাধারণ মানুষ প্রাণভয়ে আর্তনাদ করতে করতে পালাচ্ছেন এবং জরুরি উদ্ধারকারী দল রক্তাক্ত ও গুরুতর আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে।
/কহু